advertisement
advertisement

১১০ বছরে কারমাইকেল কলেজ; নবীন-প্রবীণের মিলনমেলায় স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দে মুখর শিক্ষাঙ্গন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
১১০ বছরে কারমাইকেল কলেজ; নবীন-প্রবীণের মিলনমেলায় স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দে মুখর শিক্ষাঙ্গন

ছবি সংগৃহীত

advertisement
অনিল চন্দ্র রায় : 
ঐতিহ্য, গৌরব আর অসংখ্য স্মৃতির সাক্ষী রংপুরের কারমাইকেল কলেজ। প্রতিষ্ঠার ১১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে উত্তরবঙ্গের ‘অক্সফোর্ড’খ্যাত এই বিদ্যাপীঠ। আলোকসজ্জায় ঝলমল করছে শতবর্ষী ভবনগুলো। সাজসজ্জা আর উৎসবের আমেজে বদলে গেছে পুরো ক্যাম্পাসের চিত্র। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসেছেন বিভিন্ন সময়ের সাবেক শিক্ষার্থীরা। কেউ পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আড্ডায় মেতেছেন, কেউ স্মৃতির পাতায় ফিরে খুঁজেছেন হারানো ছাত্রজীবন। নবীন-প্রবীণের পদচারণায় পুরো ক্যাম্পাস পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়।
শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, কারমাইকেল কলেজের ১১০ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরারও উপলক্ষ হয়ে উঠেছে এই আয়োজন। বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ।
প্রতিষ্ঠার ১১০ বছর পূর্তি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে জি এল হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেক কাটা। বিকেলে একই মাঠে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার পাশাপাশি আয়োজন করা হয় ব্যান্ড সংগীতের।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ কলেজের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন প্রবীণ সাবেক শিক্ষার্থীরা। দিনাজপুরের অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক মহিবুর রহমান (৬৮) স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ১১০ বছর পূর্তির অনুষ্ঠানে। তাঁর সঙ্গে এসেছেন আরও ২৫ জন সহপাঠী। তাঁদের অনেকেই স্ত্রীদের নিয়ে অংশ নিয়েছেন এই পুনর্মিলনীতে। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আড্ডা, হাসি আর স্মৃতিচারণে কাটছে তাঁদের আনন্দঘন সময়।
মহিবুর রহমান বলেন, “প্রতিবছরই কোনো না কোনো আয়োজন হয়, কিন্তু সব সময় আসা হয়ে ওঠে না। এখন অবসর জীবন কাটাচ্ছি। আজ কলেজ ক্যাম্পাসে এসে মনে হচ্ছে, আবার সেই ছাত্রজীবনে ফিরে গেছি। যদি আবার পড়াশোনার সুযোগ পেতাম, আর এই কলেজেই পড়তে পারতাম, তাহলে কতই না ভালো লাগত! সব মিলিয়ে দিনটি আমার কাছে অসাধারণ আনন্দের।”
কুড়িগ্রাম থেকে এসেছেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মনোয়ারা বেগম (৬৮)। একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। তাঁর স্বামী অন্য একটি কলেজে পড়াশোনা করলেও স্ত্রীর স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানের ১১০ বছর পূর্তির আনন্দ ভাগ করে নিতে তিনিও এসেছেন সঙ্গে। ক্যাম্পাসে ফিরে পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত মনোয়ারা।
তিনি বলেন, “কয়েক বছর পর সহপাঠীদের সঙ্গে আবার এক জায়গায় হতে পেরে খুব ভালো লাগছে। কলেজজীবনের সেই দিনগুলোর স্মৃতি এখনো আমাদের আনন্দ দেয়, নতুন করে উজ্জীবিত করে।”
সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উচ্ছ্বাস। সাজসজ্জা, সাংস্কৃতিক আয়োজন আর প্রবীণদের স্মৃতিচারণ—সবকিছু মিলিয়ে দিনভর উৎসবের আনন্দে মেতে ওঠেন তাঁরা।
কলেজের শিক্ষার্থী মহুয়া আক্তার (২২) বলেন, “ক্যাম্পাস যেমন বর্ণিল সাজে সেজেছে, আমরাও নতুন সাজে সেজেছি। খুব আনন্দ করছি। অনেক পুরোনো শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হচ্ছে। তাঁদের মুখে কলেজজীবনের নানা স্মৃতির গল্প শুনে মুগ্ধ হচ্ছি।”
মহুয়া আরও জানান, তাঁর বাবা-মাও এই কলেজের সাবেক শিক্ষার্থী। ১১০ বছর পূর্তির আয়োজনে তাঁরাও অংশ নিয়েছেন। রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে দেখেছেন আলোকসজ্জায় সাজানো ক্যাম্পাস। একই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে পরিবারের তিন প্রজন্মের এমন সম্পর্ক তাঁর কাছে বাড়তি আনন্দের।
উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবু সায়েম বলেন, ব্রিটিশ শাসন, পাকিস্তানি শোষণ এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধসহ দেশের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী কারমাইকেল কলেজ। শত বছরেরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অসংখ্য মানুষ তৈরি করেছে এই প্রতিষ্ঠান। এর ইতিহাস, ঐতিহ্য ও অর্জন অত্যন্ত গৌরবের।
তিনি বলেন, “নবীন-প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শিক্ষকরাও শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ও আড্ডায় অংশ নিচ্ছেন। সাবেক ও প্রবীণ শিক্ষার্থীদের মুখে তাঁদের ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ শুনছি। তাঁদের আবেগ ও ভালোবাসা আমাদের মুগ্ধ করছে।”
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল বলেন, তিনিও এই কলেজের সাবেক শিক্ষার্থী। তাই প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতি ও আবেগ গভীরভাবে জড়িয়ে রয়েছে। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই কলেজের অনেক সাবেক শিক্ষার্থী দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁদের অনেকেই ১১০ বছর পূর্তির আয়োজনে অংশ নিতে প্রিয় ক্যাম্পাসে ফিরে এসেছেন।
তিনি বলেন, “এই কলেজের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ১১০ বছর পূর্তিতে সাবেক শিক্ষার্থীদের ফিরে আসা, বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পরিচয় এবং অভিজ্ঞতা বিনিময় সব মিলিয়ে আয়োজনটি বিশেষ মাত্রা পেয়েছে।”
দীর্ঘ পথচলার ১১০ বছর পেরিয়ে কারমাইকেল কলেজ যেন এদিন ফিরে পেয়েছে তার পুরোনো দিনের প্রাণচাঞ্চল্য। প্রিয় ক্যাম্পাসে ফিরে সাবেক শিক্ষার্থীদের স্মৃতির রোমন্থন আর নতুনদের উচ্ছ্বাসে একাকার হয়ে গেছে অতীত ও বর্তমান। সময়ের ব্যবধান ঘুচিয়ে এই মিলনমেলা যেন আবারও মনে করিয়ে দিয়েছে—শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের জায়গা নয়, এটি মানুষের জীবনের অসংখ্য স্মৃতি, আবেগ ও ভালোবাসার ঠিকানা।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর