চোখের আলো ফিরে পেতে আকুতি ভ্যানচালক রুহী দাসের, প্রয়োজন ১ লাখ টাকা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
অনিল চন্দ্র রায়:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের রুহী দাস চন্দ্র বর্মন (৪৭)। দীর্ঘ ২০ বছর ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। সামান্য আয়ে স্ত্রী গীতা রানী ও ছেলে দীপক চন্দ্র বর্মনকে (২২) নিয়ে কোনো রকমে চলছিল তাঁর সংসার। বসতভিটা বলতে রয়েছে মাত্র চার শতক জমি। এর মধ্যেই দুই বছর আগে দুই চোখে অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হন তিনি। এরপর থেকেই অন্ধকার নেমে আসে তাঁর জীবনে। চোখের চিকিৎসার জন্য একের পর এক চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন রুহী দাস।
প্রথমে রাজারহাটের চক্ষু বিশেষজ্ঞ ডা: রিপন সরকারের কাছে টানা সাত মাস চিকিৎসা নেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় পরে রংপুরে চক্ষু বিশেষজ্ঞ ডা: আফজাল খানের কাছে প্রায় নয় মাস চিকিৎসা করান। সেখানেও আশানুরূপ ফল পাননি।
এরপর লালমনিরহাটের অরবিট চক্ষু ক্লিনিকে চিকিৎসক শফিকুল ইসলামের পরামর্শ নেন। আগের চিকিৎসকদের দেওয়া চোখের ড্রপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় তাঁকে। তাতেও চোখের অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার প্রগ্রেসিভ নার্সিং আই হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকেরাও আগের চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এভাবে বিভিন্ন স্থানে যাতায়াত ও চিকিৎসা করাতে গিয়ে তাঁর প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়। একপর্যায়ে ধারদেনা করে আরও ৫০ হাজার টাকা সংগ্রহ করে উন্নত চিকিৎসার আশায় ভারতে যান। সেখানে আলিপুরদুয়ারের চক্ষু বিশেষজ্ঞ ডা: মেঘনাদ ভৌমিকের কাছে চিকিৎসা নেন। এতে ব্যয় হয় ১৫ হাজার ভারতীয় রুপি। কিন্তু এক মাস চিকিৎসার পরও প্রত্যাশিত উন্নতি না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
পরে এক আত্মীয়ের সহযোগিতায় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের চক্ষু বিশেষজ্ঞ ড: দেওয়াজি বন্ধু সরকারের শরণাপন্ন হন। সেখানেও পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা বাবদ খরচ হয় ১২ হাজার ভারতীয় রুপি। এক মাস চিকিৎসার পর তাঁর ডান চোখে প্রায় ৫০ শতাংশ দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তবে বাম চোখে এখনো আলো ফেরেনি।
চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা অনুযায়ী, প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হলে দুই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাঁকে আশ্বস্ত করা হয়েছে। এ জন্য দুই চোখে অস্ত্রোপচার করতে হবে। এতে ব্যয় হবে আরও প্রায় ৮০ হাজার ভারতীয় রুপি।
কিন্তু দীর্ঘদিনের চিকিৎসায় নিঃস্বপ্রায় রুহী দাসের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একদিকে সংসারের অভাব, অন্যদিকে চোখের চিকিৎসার বিপুল ব্যয়, সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তিনিসহ তাঁর পরিবারের।
রুহী দাস বর্মনের আকুতি, চিকিৎসার অভাবে যেন তাঁকে দৃষ্টিশক্তি হারিয়ে বাকি জীবন কাটাতে না হয়। আবারও স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখতে চান তিনি। এ জন্য সরকার, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। তিনি আকুল আবেদন জানিয়েছেন বাংলাদেশি এক লক্ষ টাকা হলে তার দুই চোখের অপারেশন করে দৃষ্টি ফিরে পাবে, এজন্য তিনি আবারও সকালের কাছে জোড় দাবী জানিয়েছেন।
অসহায় রুহী দাস চন্দ্র বর্মনের চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন নিচে দেয়া তার মোবাইল নম্বর/বিকাশ নম্বার 01757899172।
আপনার সামান্য সহযোগিতাও রুহী দাসের চোখের চিকিৎসায় বড় সহায়তা হতে পারে এবং ফিরে পেতে পারে তার দুই চোখের আলো।
নাওডাঙ্গা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান বাবু বলেন, রুহী দাস চন্দ্র বর্মন সত্যিই একজন অসহায় মানুষ। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত দুই বছর ধরে দুই চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। ইতোমধ্যে ধারদেনা করে দেশে ও ভারতে চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুনেছি, ভারতের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করালে তাঁর দুই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমানে যে অবস্থায় তিনি সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন, সেখানে এক লাখ টাকার বেশি জোগাড় করা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন। আমি ব্যক্তিগতভাবে তাঁকে সহযোগিতা করব। পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। সবার সম্মিলিত সহযোগিতায় হয়তো রুহী দাস আবারও দুই চোখে পৃথিবীর আলো দেখতে পাবেন।