advertisement
advertisement

ফুলবাড়ী ও কালীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা ও কাশির সিরাপসহ মাদক জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
ফুলবাড়ী ও কালীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা ও কাশির সিরাপসহ মাদক জব্দ

ছবি-ধরলা পোস্ট

advertisement
অনিল চন্দ্র রায় : 
কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩১ বোতল ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে গংগারহাট ও ঝাউরানী বিওপির আওতাধীন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় গংগারহাট বিওপির টহলদল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ভারতীয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চুকানিরপার এলাকায় ঝাউরানী বিওপির আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ২৩১ বোতল ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ করে বিজিবি।
দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫২ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বিজিবি। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর