পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
ধরলা পোস্ট:
পঞ্চগড়ের বোদা উপজেলায় চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগ ওঠে নাজমুলের বিরুদ্ধে। বিষয়টি বুঝতে পেরে বাড়ির লোকজন তাঁকে আটক করেন। পরে তাঁদের চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।