কুড়িগ্রামে হত্যা-অস্ত্রসহ ২০ মামলার আসামি আলোচিত সন্ত্রাসী আজিজুল র্যাবের হাতে গ্রেপ্তার
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক :
কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আজিজুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোট ২০টি মামলা রয়েছে।
এসআরবি-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার চৌধুরীপাড়া গ্রামে আজিজুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আজিজুল ইসলাম কুড়িগ্রাম সদর থানার চৌধুরীপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ২০টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সদর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এসআরবি-১৩ জানায়, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।