ফুলবাড়ীতে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে র্যালি ও মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিসিডিএস ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে একটি র্যালি বের করা হয়। পরে মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনের নেতারা তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিসিডিএস ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মো. শাহাদত হোসেন, উপজেলা শাখার কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও সদস্য রাজু আহাম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. সামছুল হক (পলাশ), সহসভাপতি মো. ইলিয়াছ হোসেন, সদস্য জাকারিয়াসহ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএস দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছে। ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ ও ফার্মেসি শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় এ কার্যক্রমে বিসিডিএসের সম্পৃক্ততা বজায় রাখা প্রয়োজন। তাই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ ঔষধসেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে ঔষধ বিক্রি ও সংরক্ষণ এবং প্রতিটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।