advertisement
advertisement

ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ

ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা

advertisement

business Desk, ধরলা পোস্ট: দেশের স্বাস্থ্য খাতে প্রাতিষ্ঠানিক সুশাসনের অভাব, জবাবদিহিহীন কেনাকাটা ও নীতি নির্ধারণে স্বার্থের সংঘাতের কারণে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম মহামারি আকার ধারণ করেছে। সরকারি কেনাকাটায় বাজারদরের চেয়ে ১৮ গুণ পর্যন্ত বেশি দামে চিকিৎসা সরঞ্জাম কেনা এবং শুধুমাত্র কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটাতেই প্রায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির ভয়াবহ তথ্য উঠে এসেছে এক গবেষণায়।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির ২০২৫-২৬ সালের ১৯১ পৃষ্ঠার দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য ও চিত্র প্রকাশ করা হয়।

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বি-এর ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন সম্পাদিত এই গবেষণা প্রতিবেদনে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতায় ছিল সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিএমএসডির কেনাকাটায় শত শত কোটি টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে বর্তমানে প্রায় ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম সম্পূর্ণ অব্যবহৃত ও অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এ সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

গবেষণায় চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতা ও অনুপস্থিতির এক নিদারুণ চিত্র ফুটে উঠেছে। আকস্মিক পরিদর্শনের তথ্য উল্লেখ করে বলা হয়, সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায় না। প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে এই অনুপস্থিতির হার ৭০ শতাংশেরও বেশি। দায়িত্ব পালন না করেও মাস শেষে নিয়মিত বেতন-ভাতা তোলা এসব 'ভুতুড়ে চিকিৎসকদের' বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তদারকি ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়েছে।

এ ছাড়া প্রতিবেদনে হাসপাতালে রোগীদের শয্যা বরাদ্দ, ছাড়পত্র ও অস্ত্রোপচারের প্রতিশ্রুতি দিয়ে দালাল ও ওয়ার্ডবয়দের মাধ্যমে বেআইনি টাকা আদায় এবং রোগীদের জোরপূর্বক বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, “শুধু ব্যক্তিবিশেষকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি দূর করা সম্ভব নয়। দরপত্র কারসাজি ও কায়েমী স্বার্থে নীতি প্রভাবিত করা বন্ধে পুরো বিদ্যুৎ ও স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক কাঠামোগত সংস্কার প্রয়োজন।”

প্রতিবেদনে স্বাস্থ্যের ১ লাখ ৮০ হাজারেরও বেশি কর্মীর নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব, বিএমডিসি সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থায় আমলা ও সরকারের একচ্ছত্র আধিপত্য এবং চিকিৎসা শিক্ষার অপরিকল্পিত প্রসারের সমালোচনা করা হয়। অনিয়ম দূরীকরণে সরকারি কেনাকাটার সব তথ্য উন্মুক্ত করা, চিকিৎসায় অবহেলার দায়ে ক্ষতিপূরণ আইন প্রণয়ন, ডায়াগনস্টিক সেন্টারের কমিশন প্রথা আইন করে নিষিদ্ধ করা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রাজনৈতিক ব্যক্তিবর্গের কর্তৃত্ব বন্ধের জন্য বেশ কিছু জরুরি সুপারিশমালা পেশ করেছে সংস্থাটি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর