advertisement
advertisement

ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী সূর্য পূজা, সমাগম হাজারো ভক্তের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী সূর্য পূজা, সমাগম হাজারো ভক্তের

ছবি-সংগৃহীত

advertisement
পাবনা সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী সূর্য পূজা। রোববার (১৫ নভেম্বর) শুরু হওয়া এ পূজার আনুষ্ঠানিকতা সোমবার (১৬ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের মধ্য দিয়ে শেষ হয়। এতে ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো পুণ্যার্থী অংশ নেন।
রোববার বিকেল থেকেই উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে জড়ো হতে থাকেন পূজায় অংশ নেওয়া নারী-পুরুষ। দিনভর উপবাস পালন করে ফুল, ফল, প্রসাদ, প্রদীপ ও পূজার নানা উপকরণ নিয়ে তাঁরা সমবেত হন। সূর্যাস্তের আগে পুণ্যার্থীরা কোমরপানিতে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশে প্রার্থনা করেন। এ সময় ডালা ও কুলায় সাজানো বিভিন্ন উপকরণ নিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন তাঁরা।
পূজার দ্বিতীয় দিন সোমবার ভোরে আবারও পুকুরপাড়ে ভিড় করেন ভক্তরা। সূর্যোদয়ের আগে পানিতে দাঁড়িয়ে শুরু হয় পূজার শেষ পর্ব। সূর্যোদয়ের পর সূর্যদেবকে প্রণাম ও স্নান শেষে শরবত পানের মধ্য দিয়ে ৩৬ ঘণ্টার উপবাস ভঙ্গ করেন পুণ্যার্থীরা। এর মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন।
পূজায় অংশ নেওয়া ভক্তরা জানান, সূর্যদেবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ-শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় তাঁরা এ পূজা করে থাকেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহত্তর এ অঞ্চলে ঈশ্বরদীর সূর্য পূজা বেশ ঐতিহ্যবাহী। প্রতিবছরই এ আয়োজনকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে বিভিন্ন এলাকা থেকে শত শত পুণ্যার্থীর সমাগম ঘটে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসব স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ তৈরি করে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর