advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ

advertisement
ধরল পোস্ট অনলাইন ডেস্ক :
এআই দিয়ে তৈরী প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে মার্কিন এই সংস্থাটির সরাসরি অর্থায়ন এবং ঝুঁকি প্রশমন-সংক্রান্ত (রিস্ক-মিটিগেশন) বিশেষ সুবিধা পাওয়ার পথ সুগম হলো।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ডিএফসির প্রকাশিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিএফসি উল্লেখ করেছে, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ মূলত জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং অঞ্চলটির সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখছে। বাংলাদেশের এই নতুন যোগ্যতা অর্জন দেশটির বিশাল অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি খাতের পুঁজি প্রবাহ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।
সংস্থাটির মতে, ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা সম্প্রসারিত হওয়ায় দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ সহজ হবে। বিশেষ করে বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় কিন্তু অর্থায়ন সংকট বা বিনিয়োগ ঝুঁকির আশঙ্কায় আটকে থাকা উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আসবে। এই বিনিয়োগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় নাগরিক সেবার বিস্তার এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পাবে।
এ বিষয়ে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মুক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।’
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে দুই দেশের মধ্যকার পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড) আমাদের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন। ডিএফসির অর্থায়ন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা উভয় দেশের সমৃদ্ধি বাড়াবে।’
ডিএফসির বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এবং বিশ্বের দ্রুত বর্ধনশীল বেশ কয়েকটি অর্থনীতি এই অঞ্চলেই অবস্থিত। ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। এই অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, বেসরকারি পুঁজি সংগ্রহ, মুক্তবাজার নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করতে কাজ করছে সংস্থাটি।

উল্লেখ্য, ডিএফসি হলো যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগবিষয়ক প্রধান সংস্থা এবং মার্কিন অর্থনৈতিক কূটনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। বেসরকারি পুঁজি সংগ্রহের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর প্রকল্পে অর্থায়ন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া, মার্কিন করদাতাদের জন্য শক্তিশালী মুনাফা নিশ্চিত করা এবং প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় মিত্র ও অংশীদার দেশগুলোর সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) সুরক্ষিত রাখতে কাজ করে সংস্থাটি। সুত্র-ইত্তেফাক
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর