advertisement
advertisement

ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ছয় শতাধিক রোগী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ছয় শতাধিক রোগী

ছবি-ধরলা পোস্ট

advertisement
অনিল চন্দ্র রায় : 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এ ক্যাম্পে মেডিসিন, গাইনি ও প্রসূতি, নাক-কান-গলা, দন্ত ও মুখ, নবজাতক ও শিশু, সার্জারি এবং চর্ম ও যৌনরোগ বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়।
বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থী ও মেডিকেল অফিসার ডা. মোছা. উম্মে ছালমাও রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাঁদের শারীরিক সমস্যার কথা চিকিৎসকদের কাছে তুলে ধরেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ পেয়ে তাঁরা উপকৃত হন।
ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদ আলম বলেন, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যন্ত অঞ্চলে এসে প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দিয়েছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি অন্যান্য বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষও এ ধরনের উদ্যোগ নিলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হবেন।
তিনি আরও বলেন, আজকের মেডিকেল ক্যাম্পে তাঁর প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মেডিকেল অফিসার ডা. মোছা. উম্মে ছালমাকে অসংখ্য রোগীকে চিকিৎসাসেবা দিতে দেখে তাঁরা গর্বিত। তিনি উম্মে ছালমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভবিষ্যতেও যেন তিনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় পর্যায়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে এলাকাবাসীও ইতিবাচকভাবে দেখছেন।
প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (সার্জারি) ডা. মোছা. উম্মে ছালমা জানান, ‘সত্যি বলতে, মঙ্গলবার যে প্রতিষ্ঠানে বসে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছি, সেটি আমারই সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান। 
দীর্ঘদিন পর প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা হয়েছে, তাঁদের সঙ্গে নানা বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছি। বিষয়টি আমার কাছে অত্যন্ত আনন্দের। নিজের এলাকায় এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পারছি, এটি সত্যিই অনেক ভালো লাগার বিষয়।
তিনি আরও জানান, তাঁর কর্মস্থলের সহকর্মীরাও এ মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন। তাঁরা হলেন, ডা. মো. মাসুদ রানা (নিখাদ), সহকারী রেজিস্ট্রার (মেডিসিন), ডা. মো. হারুন-উর-রশিদ, মেডিকেল অফিসার (শিশু), ডা. মোছা. লিপি আক্তার, সহকারী রেজিস্ট্রার (চর্ম ও যৌন), ডা. মোছা. সুমাইয়া আক্তার (টুম্পা), মেডিকেল অফিসার (গাইনি ও অবস্)। তারাও রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন।
প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুরের সহকারী ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) শাহ মো. সাইফুজ্জামান (লাবিব) জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এ ক্যাম্পে মেডিসিন, গাইনি, নাক-কান-গলা, দন্ত, শিশু, সার্জারি ও চর্মরোগসহ সাতটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে প্রায় ছয় শতাধিক রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। এ দায়িত্ববোধ থেকেই প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর