কুড়িগ্রামে বাংলা কিউআর কোডে ডিজিটাল লেনদেনের প্রচারে ইউসিবির সচেতনতামূলক কর্মসূচি
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি:
নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও গতিশীল করতে কুড়িগ্রামে বাংলা কিউআর কোড ব্যবহারে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনের পদ্ধতি ও নানা সুবিধা তুলে ধরা হয়। এ সময় কিউআর কোড স্ক্যান করে কীভাবে দ্রুত ও সহজে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
কর্মসূচিতে আয়োজকেরা বলেন, নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে আর্থিক লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও আধুনিক ডিজিটাল লেনদেনব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এ সময় বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান, অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক আশরাফুল আলম উপস্থিত ছিলেন।