advertisement
advertisement

সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ছবি সংগৃহীত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে আগ্রহী বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, জাহাজ সংগ্রহ এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় উঠে আসে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ কোস্ট গার্ডকে ইতালির দেওয়া সহযোগিতার কথা উল্লেখ করে তিনি দেশটির নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা ক্লাস’ করভেট জাহাজ সংস্কার করে হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান। বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি।

বৈঠকে গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় আসে।

প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন’ ও মানবপাচার প্রতিরোধবিষয়ক কোর্স-২০২৬ সম্পন্ন করেছে। আগামী বছর এ প্রশিক্ষণ কর্মসূচিতে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের ইতালিতে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য সহযোগিতা চান তিনি। সার্চ অ্যান্ড রেসকিউ, ড্রোন পরিচালনা, মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট পেশাগত প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।

জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা বিনিময়ের আশ্বাস দেন।

দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সমন্বয় ও দক্ষতা বাড়াতে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়েও বৈঠকে ঐকমত্য হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড এবং ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর