চেনা শহরে নতুন রূপ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে সাজছে লালমনিরহাট
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট :
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নতুন সাজে সেজে উঠছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। তাঁকে বরণ করে নিতে জেলা শহরজুড়ে চলছে ব্যাপক সাজসজ্জা, সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জার কাজ। বর্ণিল আলো, দৃষ্টিনন্দন সাজসজ্জা আর পরিচ্ছন্নতার ছোঁয়ায় বদলে যাচ্ছে শহরের চেনা দৃশ্যপট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে ঘিরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বিভিন্ন স্থাপনা ও জনসমাগমস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে রঙিন আলোকসজ্জা। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। কোথাও চলছে সৌন্দর্যবর্ধনের কাজ, কোথাও আবার শেষ মুহূর্তের রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে নতুন রূপ।
বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে সাজসজ্জার কাজ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করছে। সন্ধ্যা নামতেই বর্ণিল আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠছে শহরের বিভিন্ন এলাকা। এতে লালমনিরহাট শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের পরিচিত শহরকে নতুন সাজে দেখতে পেয়ে অনেকেই আনন্দ প্রকাশ করছেন। তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে লালমনিরহাটের উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশার বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে বর্ণিল সাজে সেজে উঠছে প্রিয় লালমনিরহাট। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে এখন অপেক্ষা কাঙ্ক্ষিত অতিথিকে বরণ করে নেওয়ার।