advertisement
advertisement

দিন মজুরের বাড়িতে চলে একটি বাতি-ফ্যান, তবুও বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা !


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
দিন মজুরের বাড়িতে চলে একটি বাতি-ফ্যান, তবুও বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা !

ছবি-ধরলা পোস্ট

advertisement
অনিল চন্দ্র রায়, ধরলা পোস্ট : 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করলেও তাঁর নামে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের বিল তৈরি হয়েছে। অস্বাভাবিক এই বিল নিয়ে একাধিকবার বিদ্যুৎ অফিসে ধরনা দিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। শেষ পর্যন্ত প্রতিকার চেয়ে তিনি দ্বারস্থ হয়েছেন সাংবাদিকদের।
ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। তাঁর বিদ্যুৎ মিটার হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।
বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।
ইউনুস আলীর দাবি, তাঁর বাড়িতে বিদ্যুতের ব্যবহার খুবই সীমিত। একটি বাতি ও একটি ফ্যানের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। অথচ বিলের কাগজে প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হয়েছে।
পেশায় দিনমজুর ইউনুস আলীর সম্বল বলতে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেখানে স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে নিয়ে বসবাস করেন তিনি। দিনমজুরি করে কোনোমতে সংসার চালানো এই মানুষের পক্ষে তিন মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব।
ভুক্তভোগী ইউনুস আলী বলেন, অস্বাভাবিক বিল দেখে তিনি একাধিকবার বিদ্যুৎ অফিসে গেছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। কিন্তু সমস্যার সমাধান না করে উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেছেন।
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তাঁর বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’
একজন দিনমজুরের বাড়িতে সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও কীভাবে প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ ইউনিটের বেশি ব্যবহার দেখানো হলো, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। মিটারের প্রকৃত রিডিং, বিল তৈরির হিসাব এবং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
এ অবস্থায় ভুক্তভোগীর মিটার সরেজমিনে পরীক্ষা, পূর্ববর্তী রিডিং যাচাই এবং অস্বাভাবিক বিল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একজন অসচ্ছল গ্রাহকের অভিযোগের যথাযথ তদন্ত করে প্রকৃত হিসাব অনুযায়ী বিল নির্ধারণে বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর