advertisement
advertisement

পাহাড়ি প্রকৃতির বুকে লাল শাপলার হাসি, বাড়ছে পর্যটকের আনাগোনা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
পাহাড়ি প্রকৃতির বুকে লাল শাপলার হাসি, বাড়ছে পর্যটকের আনাগোনা

ছবি-সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক 
সবুজ পাহাড়, ঝরনা আর নদীর সৌন্দর্যে বরাবরই প্রকৃতিপ্রেমীদের টানে খাগড়াছড়ি। এবার সেই প্রাকৃতিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে দীঘিনালার হাজাছড়া এলাকার লাল শাপলার বিল। বিস্তীর্ণ জলাভূমিজুড়ে ফুটে থাকা লাল শাপলা, সবুজ পাতার সমারোহ আর পাখির কলকাকলিতে প্রতিদিনই মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। পাহাড়ের বুকের এই নৈসর্গিক জলাভূমি এখন প্রকৃতিপ্রেমীদের কাছে হয়ে উঠছে নতুন আকর্ষণ।
ভোরের আলো ফুটতেই টলটলে পানির বুকে একের পর এক পাপড়ি মেলে ধরে লাল শাপলা। শিশিরভেজা ফুলে সূর্যের প্রথম আলো পড়তেই মনে হয়, পানির ওপর ছড়িয়ে আছে লাল রঙের মণিমুক্তা। শাপলার ফাঁক দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে ছোট ছোট নৌকা। বৈঠার ছন্দে পানিতে তৈরি হয় ঢেউ, দুলে ওঠে ফুল। চারপাশে পাখির কিচিরমিচির, মাছরাঙার মাছ শিকার আর পানকৌড়ির ডুবসাঁতার। কোথাও আবার দল বেঁধে ভেসে বেড়ায় রাজহাঁস। প্রকৃতির এমন অপরূপ আয়োজন মুহূর্তেই ভুলিয়ে দেয় নাগরিক জীবনের ব্যস্ততা।
দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেরুং বাজার। সেখান থেকে পূর্ব দিকে মাইনী নদী পেরিয়ে প্রায় আধা কিলোমিটার এগোলেই দেখা মিলবে হাজাছড়া বিলের। স্থানীয়দের কাছে ‘ছোট হাজাছড়া ডেবা’ নামে পরিচিত জলাভূমিটির আয়তন প্রায় ২০ একর। এর প্রায় অর্ধেক এলাকাজুড়ে রয়েছে লাল শাপলার বিস্তৃতি। বছরের অধিকাংশ সময়ই পানিতে নিমজ্জিত থাকে বিলটি।
স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিলে শাপলা ফোটে। প্রায় দুই দশক ধরে এখানে লাল শাপলার সমারোহ থাকলেও এতদিন অনেকটা আড়ালেই ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এই আধার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বাড়তে থাকে পরিচিতি। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের আনাগোনা বাড়ছে।
বিলের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায় ভোর থেকে সকাল পর্যন্ত। এ সময় শাপলার পাপড়ি থাকে পূর্ণ প্রস্ফুটিত। নির্মল সকালের বাতাসে নৌকায় ঘুরে বেড়ানোর পাশাপাশি দর্শনার্থীরা মুঠোফোন ও ক্যামেরায় ধারণ করেন প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। অনেকে শাপলা হাতে নিয়ে কিংবা ফুলের সৌন্দর্যকে পটভূমি করে ছবি তোলেন। বিশেষ করে নারী দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভ্রমণপিপাসুদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবাররাও আসছেন এখানে। তৈরি করছেন ভ্রমণবিষয়ক ভিডিও, রিলস ও বিভিন্ন বিনোদনমূলক কনটেন্ট।
শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, হাজাছড়া বিল ঘিরে স্থানীয় মানুষের জীবিকায়ও যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা। দর্শনার্থীদের নৌকায় ঘুরিয়ে দেখিয়ে আয় করছেন স্থানীয় মাঝিরা। নৌকার মাঝি ইসমাইল হোসেন বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ শাপলার বিল দেখতে আসেন। তাঁদের নৌকায় করে পুরো বিল ঘুরিয়ে দেখান তিনি। এতে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা আয় হচ্ছে। দর্শনার্থীর সংখ্যা আরও বাড়লে আয়ও বাড়বে বলে আশা তাঁর।
স্থানীয় ইজিবাইকচালক মো. রহিম জানান, দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসায় তাঁদের যাত্রী পরিবহন ও আয়-উপার্জনের সুযোগ বেড়েছে।
দীঘিনালা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের বলেন, হাজাছড়া বিলের লাল শাপলার সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে ফুলের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে ভোরে আসার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সূর্যের তীব্রতা কম থাকায় শাপলার পাপড়িগুলো পুরোপুরি খোলা থাকে। এ সময় ফুলের সৌন্দর্যও থাকে সবচেয়ে আকর্ষণীয়।
তবে এই বিল শুধু পর্যটন কিংবা সৌন্দর্যের জায়গা নয়, স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গেও জড়িয়ে আছে। স্থানীয়রা জানান, কেউ বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করেন, কেউ মাছ ধরেন। আবার শুষ্ক মৌসুমে বিলের কিছু অংশে চাষাবাদও হয়।
চট্টগ্রাম থেকে ঘুরতে আসা নজরুল ইসলাম বলেন, ‘পার্বত্য এলাকায় এমন মনোমুগ্ধকর শাপলার বিল রয়েছে, এখানে না এলে বিশ্বাসই হতো না। বিলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই চোখ জুড়িয়ে দেয়।’
তবে বাড়তি দর্শনার্থীর সঙ্গে পরিবেশদূষণের আশঙ্কাও তৈরি হচ্ছে। সিএইচটি বায়োডাইভারসিটি কনজারভেশন ইনিশিয়েটিভের সদস্য সমীর মল্লিক বলেন, হাজাছড়ার লাল শাপলার বিল শুধু ভ্রমণ-বিনোদনের স্থান নয়, এটি স্থানীয় মানুষের জীবিকা ও জলাভূমির পরিবেশের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। সম্প্রতি দর্শনার্থীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিলের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় যেখানে-সেখানে ময়লা না ফেলা এবং অকারণে শাপলা না ছেঁড়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, বিলের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এটিকে প্রকৃতি ও পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, দীঘিনালায় লাল শাপলার বিল ছাড়াও বেশ কয়েকটি পাহাড়ি ঝরনা রয়েছে। পর্যটনশিল্পের বিকাশে সম্ভাবনাময় এসব স্থানকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে জেলা পরিষদের পরিকল্পনা রয়েছে।
পাহাড়ের সবুজের মাঝে লাল শাপলার এই জলাভূমি এখন শুধু প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়, হয়ে উঠছে স্থানীয় পর্যটন ও অর্থনীতির নতুন সম্ভাবনা। তবে পরিকল্পিত উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে হাজাছড়া বিল একদিন খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর