লালমনিরহাটে মোটরসাইকেলে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা! মারা গেলেন হাসপাতালের ল্যাব এসিস্টেন্ট
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
লালমনিরহাটের কালীগঞ্জে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রবিউল। পথে কাকিনা চাপারতল ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বুড়িমারীগামী একটি পাথরবোঝাই ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।