মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এলাকায় শ্রমিকদের সড়কে নামতে দেখা যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত ক্রাইম অ্যান্ড প্রিভেনশন, উত্তর) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, অনেক পোশাক কারখানার শ্রমিক কাজে ফিরেছেন এবং সেসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।
তিনি বলেন, মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুলসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও দায়িত্ব পালন করছে।
আন্দোলনের নামে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এসব ঘটনায় অনেককে গ্রেপ্তার করে মামলা করা হয়েছে। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।
মহিদুল ইসলাম বলেন, আটকের আগে যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধে জড়িত থাকার প্রমাণ না পেলে নিরীহ শ্রমিক ও পথচারীদের ছেড়ে দেওয়া হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবির বিষয়ে তিনি জানান, এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও কাজ চলছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের উসকানি দিয়ে একটি পক্ষ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে। প্রকৃত শ্রমিকদের আন্দোলনের নামে নাশকতা, কারখানায় অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।