advertisement
advertisement

৪৫ বছরের চিকিৎসাসেবার স্মৃতি রেখে পরপারে ডা. সুবল চন্দ্র রায়, কাল নিজ বাসভবনে শ্রাদ্ধানুষ্ঠান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
৪৫ বছরের চিকিৎসাসেবার স্মৃতি রেখে পরপারে ডা. সুবল চন্দ্র রায়, কাল নিজ বাসভবনে শ্রাদ্ধানুষ্ঠান

ছবি-ধরলা পোস্ট

advertisement
অনিল চন্দ্র রায় : 
দীর্ঘ ৪৫ বছর ধরে মানুষের চিকিৎসাসেবা দিয়ে অর্জন করেছিলেন আস্থা, বিশ্বাস ও ভালোবাসা। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, আন্তরিকতা ও মানবিক আচরণের মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন বালারহাট এলাকাসহ উপজেলা জুড়ে পরিচিত ও আস্থাভাজন চিকিৎসক। সেই মানবিক হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. সুবল চন্দ্র রায়ের শ্রাদ্ধানুষ্ঠান আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নিকটাত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও দীর্ঘদিনের রোগীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাঁর তিন ছেলে।

এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের পর বার্ধক্যজনিত নানা অসুস্থতায় শেষনিশ্বাস ত্যাগ করেন ডা. সুবল চন্দ্র রায়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দীর্ঘদিনের রোগীরা তাঁকে শেষবারের মতো দেখতে বাড়িতে ছুটে আসেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে বাড়িতে সৃষ্টি হয় এক আবেগঘন ও শোকাবহ পরিবেশ।
ডা. সুবল চন্দ্র রায় দীর্ঘ ৪৫ বছর ধরে সুনামের সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর কাছে চিকিৎসা নিতে আসা মানুষের সঙ্গে গড়ে উঠেছিল আন্তরিক ও আত্মিক সম্পর্ক।
তাঁর মৃত্যুতে বালারহাট এলাকার মানুষ হারিয়েছেন দীর্ঘদিনের পরিচিত ও আস্থাভাজন একজন চিকিৎসককে। তবে তাঁর দীর্ঘদিনের চিকিৎসাসেবা, মানবিকতা ও মানুষের প্রতি ভালোবাসার স্মৃতি স্থানীয়দের হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর