কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক :
কুড়িগ্রামে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলার বিভিন্ন উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ নিয়ে আলোচনা হয়। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত না হওয়া, শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া এবং পড়াশোনার প্রতি অনাগ্রহসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে সুপারিশসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, গুণগত মানোন্নয়ন এবং আগামীতে ভালো ফলাফল অর্জনের উপায় নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী, জেলা জামায়াতের আমির ও সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ধরলা পোস্ট ডেস্ক