গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।
বৃহস্পতিবার আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকার পরিবর্তে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, একজন শ্রমিকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।