advertisement
advertisement

দুধকুমারপাড়ের নিজস্ব জাত ‘গ্রীণ বল’ বেগুনে বদলেছে কৃষকের ভাগ্য, বছরে ২০০ কোটি টাকার বাজার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
দুধকুমারপাড়ের নিজস্ব জাত ‘গ্রীণ বল’ বেগুনে বদলেছে কৃষকের ভাগ্য, বছরে ২০০ কোটি টাকার বাজার

ছবি-ধরলা পোস্ট

advertisement

অনিল চন্দ্র রায় ভুরুঙ্গামারী থেকে ফিরে : 

একসময় ছিল সাধারণ একটি ফসল, আর এখন তা হয়ে উঠেছে হাজারো কৃষকের স্বাবলম্বী হওয়ার প্রধান অবলম্বন। দুধকুমার নদের পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চলে সবুজ রঙের গোলাকার বেগুন চাষ করে বদলে গেছে অনেক কৃষকের জীবনযাত্রা। বেগুন বিক্রির আয় দিয়ে কেউ গড়েছেন পাকা ও বহুতল বাড়ি, কেউ কিনেছেন জমি, আবার কেউ সন্তানদের পড়াশোনার খরচ জোগাচ্ছেন। কৃষকদের কাছে বেগুন এখন শুধু ফসল নয়, বরং স্বপ্নপূরণের হাতিয়ার।

দেশের উত্তরে জনপদের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের পাড়জুড়ে চাষ হচ্ছে স্থানীয় জাতের বেগুন ‘গ্রীণ বল’। বছরের পর বছর ধরে কৃষকেরা নিজেদের সংরক্ষণ করা বীজ দিয়ে এ বেগুন চাষ করে আসছেন। দেখতে অনেকটা বলের মতো গোলাকার ও সবুজ রঙের হওয়ায় কৃষকেরাই এর নাম দিয়েছেন ‘গ্রীণ বল’। স্থানীয়ভাবে কেউ একে ‘টিয়া বেগুন’, আবার কেউ ‘ঢোপা বেগুন’ নামেও চেনেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, গ্রীণ বল কোনো হাইব্রিড জাত নয়; এটি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের সংরক্ষণ করা বীজ থেকে চাষ হয়ে আসা দেশি জাতের বেগুন। দুধকুমারপাড়ে এ জাতের বেগুনের ব্যাপক চাষ হলেও কুড়িগ্রামের অন্যান্য এলাকায় এর চাষ তেমন একটা দেখা যায় না।

গত এক যুগে এ বেগুনের চাষ বাণিজ্যিকভাবে ব্যাপক বিস্তার লাভ করেছে। কৃষকের খেত থেকেই বেগুন কিনে নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারেরা। পরে এসব বেগুন ট্রাকে করে পাঠানো হচ্ছে ঢাকা, বগুড়া, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন জেলায়। স্থানীয় ব্যবসায়ীদের হিসাবে, দুধকুমারপাড়ে প্রতিবছর প্রায় ২০০ কোটি টাকার বেগুনের বাজার গড়ে উঠছে।

কৃষকদের ভাষ্য, প্রতি বিঘা জমিতে বেগুন চাষে খরচ হয় প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। ভালো ফলন ও বাজারদর পাওয়া গেলে প্রতি বিঘার বেগুন বিক্রি হয় তিন থেকে সাড়ে তিন লাখ টাকায়। ফলে অন্যান্য ফসলের তুলনায় বেগুন চাষ থেকে তুলনামূলক বেশি আয় করতে পারছেন তাঁরা। যাঁদের নিজস্ব আবাদি জমি নেই, তাঁরাও বসতভিটার আশপাশে বেগুন চাষ করে সংসারে বাড়তি আয় করছেন।

তিন প্রজন্ম ধরে বেগুন চাষ

পাইকেরছড়া গ্রামের ৭৮ বছর বয়সী কৃষক মোহর আলী শেখের পরিবার তিন প্রজন্ম ধরে গ্রীণ বল বেগুন চাষের সঙ্গে যুক্ত। তাঁর দাদা করিম শেখও এ বেগুন চাষ করতেন। এরপর তিনি নিজে দীর্ঘদিন চাষ করেছেন। বর্তমানে তাঁর ছেলে ও নাতিরাও একই জাতের বেগুন আবাদ করছেন।

মোহর আলী শেখ বলেন, “আগে অল্প জমিতে বেগুন চাষ হতো। এখন বাণিজ্যিকভাবে ব্যাপক চাষ হচ্ছে। আগে এ জাতের কোনো নাম ছিল না। কৃষকেরাই নিজেদের বীজ উৎপাদন ও সংরক্ষণ করতেন। প্রায় ২০ বছর আগে কৃষি অফিসের লোকজন এসে কৃষকদের সঙ্গে আলোচনা করে এ জাতের নাম ‘গ্রীণ বল’ রাখেন। এরপর থেকেই এ নামে পরিচিতি পায়।”

তিনি জানান, বাজারে এ বেগুনের বীজ কিনতে পাওয়া যায় না। কৃষকেরাই নিজেদের খেতের বেগুন থেকে বীজ সংগ্রহ করে সংরক্ষণ করেন এবং পরবর্তী মৌসুমে তা ব্যবহার করেন।

মোহর আলী বলেন, “এটা হাইব্রিড নয়, দেশি জাতের বেগুন। খেতেও খুব সুস্বাদু। গ্রীণ বল বেগুন আমাদের দুধকুমারপাড়ের কৃষকদের জীবনকে সত্যিকার অর্থেই গ্রীণ করে তুলেছে। বেগুন চাষ করে আমরা স্বাবলম্বী হয়েছি।”

ছয় বিঘার বেগুনে ২০ লাখ টাকা বিক্রির আশা

গুনাইয়ের কুটি গ্রামের কৃষক সোনা মিয়া (৪৮) এবার ১০ বিঘা জমির মধ্যে ছয় বিঘায় গ্রীণ বল বেগুন এবং চার বিঘায় আমন ধান চাষ করেছেন। গত বছর পাঁচ বিঘা জমিতে বেগুন চাষ করে তিনি ১৬ লাখ ২৫ হাজার টাকার বেগুন বিক্রি করেছিলেন। এতে তাঁর উৎপাদন খরচ হয়েছিল প্রায় তিন লাখ ৫০ হাজার টাকা।

এবার ছয় বিঘা জমির বেগুন থেকে প্রায় ২০ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে খেতের বেগুন বিক্রি শুরু করেছেন। ফলন ও দাম—দুটিই অনুকূলে থাকায় বেশ আশাবাদী এ কৃষক।

সোনা মিয়া বলেন, “আমি গত ১০ বছর ধরে বাণিজ্যিকভাবে বেগুন চাষ করছি। বেগুন বিক্রির আয় দিয়ে একটি দ্বিতল বাড়ি নির্মাণ করেছি, দুই বিঘা জমি কিনেছি এবং তিন সন্তানকে স্কুল-কলেজে পড়াচ্ছি। বেগুন চাষ আমার ভাগ্য পরিবর্তন করেছে।”

প্রতি বিঘায় আয় তিন লাখ টাকার বেশি

একই গ্রামের কৃষক আব্দুল আজিজ (৫৫) নিজের পাঁচ বিঘা জমির মধ্যে দুই বিঘায় গ্রীণ বল বেগুন চাষ করেছেন। গত বছর একই পরিমাণ জমিতে বেগুন চাষ করে খরচ বাদে পাঁচ লাখ ১০ হাজার টাকা আয় করেছিলেন। এবারও প্রায় একই রকম আয়ের আশা করছেন তিনি।

আব্দুল আজিজ জানান, প্রতি বিঘায় ১৩০ থেকে ১৫০ মণ পর্যন্ত বেগুন উৎপাদন হয়। বাজারদর ভালো থাকলে প্রতি মণ বেগুন দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায়। তবে সরবরাহ ও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে দাম ওঠানামা করে।

তিনি বলেন, অক্টোবরের শুরুতে খেত থেকে বেগুন তোলা শুরু হয়। সাধারণত তিন থেকে চার মাস ধরে একটি খেত থেকে বেগুন সংগ্রহ করা যায়। বেগুন চাষের প্রস্তুতি শুরু হয় জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে। বেগুনের মৌসুম শেষে কৃষকেরা একই জমিতে বোরো ধান অথবা পাট চাষ করেন।

আব্দুল আজিজ বলেন, “গ্রীণ বল বেগুন মূলত আমাদের এলাকাতেই চাষ হয়। আমরা নিজেরাই এ জাতের বীজ সংরক্ষণ করি। এবারও ভালো ফলন ও বাজারদর পাচ্ছি। আশা করছি, এবারও আশানুরূপ লাভ হবে।”

বদলেছে কৃষকের জীবন, চাঙা স্থানীয় অর্থনীতি

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লাও প্রতিবছর বেগুন চাষ করেন। এবার তিনি আট বিঘা জমিতে গ্রীণ বল বেগুন আবাদ করেছেন।

তিনি বলেন, দুধকুমারপাড়ের অনেক কৃষক বেগুন বিক্রির আয় দিয়ে সারা বছরের সংসার খরচ মেটাতে পারেন। অন্যান্য ফসল বিক্রির অর্থ তাঁরা সঞ্চয়ও করতে পারেন। ফলে বেগুন চাষ এখানকার কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং সন্তানদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে সার, ডিজেল, কীটনাশক ও কৃষিশ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচও বেড়েছে বলে জানান তিনি। এর পরও বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা ভালো লাভের আশা করছেন।

খেত থেকে বেগুন কিনে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

ভুরুঙ্গামারী সবজি বাজারের ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, দুধকুমারপাড়ে উৎপাদিত গ্রীণ বল বেগুনের চাহিদা দেশের বিভিন্ন জেলায় রয়েছে। দেশি জাতের হওয়ায় ক্রেতাদের কাছে এ বেগুনের আলাদা কদর রয়েছে।

তিনি বলেন, “আমরা কৃষকদের খেত থেকেই বেগুন কিনে নিই। পরে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। প্রতিবছর দুধকুমারপাড়ে প্রায় ২০০ কোটি টাকার বেগুনের বাজার গড়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা এখানে বেগুন কিনতে আসেন।”

আরেক ব্যবসায়ী নজরুল ইসলাম গত ১০ বছর ধরে দুধকুমারপাড়ের কৃষকদের কাছ থেকে বেগুন কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। তাঁর ভাষ্য, অনেক সময় কৃষকদের কাছ থেকে বেগুন কেনার জন্য আগাম টাকাও দিতে হয়। এতে কৃষকেরা উৎপাদন ও সংসারের প্রয়োজনে আর্থিক সহায়তা পান।

নজরুল ইসলাম বলেন, “গ্রীণ বল বেগুনের ক্রেতা অনেক। গত বছর কোনো কোনো সময় কৃষকদের কাছ থেকে প্রতি মণ বেগুন তিন হাজার ৫০০ টাকা দরেও কিনেছি। এবার সরবরাহ বেশি থাকায় অক্টোবরের শুরুতে সর্বোচ্চ দাম উঠেছিল তিন হাজার ২০০ টাকা। ২০ অক্টোবর থেকে প্রতি মণ বেগুন দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা দরে কিনছি।”

তিনি জানান, দুধকুমার নদের পাড়ের চরাঞ্চলে অনেক খেতের অবস্থান হওয়ায় সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে বেগুন পরিবহন করে আনা হয়। পরে ট্রাকে তুলে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়।

এ বছর ৭৫০ হেক্টর জমিতে বেগুন চাষ

ভুরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর দুধকুমারপাড় এলাকায় ৬৯০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছিল। উৎপাদন হয়েছিল প্রায় ২৮ হাজার টন। প্রতি বিঘায় গড়ে ১৩৫ মণ বেগুন উৎপাদনের তথ্য জানিয়েছে কৃষি বিভাগ।

চলতি বছর এ অঞ্চলে প্রায় ৭৫০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ হাজার ৫০০ টন। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে খেতের বেগুন সংগ্রহ শুরু হয়েছে। সাধারণত একটি খেত থেকে তিন থেকে চার মাস পর্যন্ত বেগুন তোলা যায়।

ভুরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, দুধকুমারপাড়ের কৃষি অর্থনীতি অনেকটাই বেগুন চাষনির্ভর। উৎপাদিত বেগুনের বাজারমূল্য বিবেচনায় প্রতিবছর এখানে প্রায় ২০০ কোটি টাকার বেগুনের বাজার গড়ে ওঠে।

তিনি বলেন, “গ্রীণ বল কোনো হাইব্রিড জাত নয়। এটি দেশি জাতের বেগুন। দুধকুমারপাড়ের কৃষকেরা দীর্ঘদিন ধরে নিজেদের মতো করে বীজ সংরক্ষণ করে এ বেগুন চাষ করে আসছেন। বহু বছর ধরে এ এলাকায় বেগুনের চাষ হলেও গত এক যুগে তা বাণিজ্যিকভাবে ব্যাপক বিস্তার লাভ করেছে।”

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম বলেন, তিনি দুধকুমারপাড়ের বেগুনের খেত পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেছেন। কৃষকেরা নিজেদের সংরক্ষিত বীজ থেকে উৎপাদিত স্থানীয় জাতের বেগুন চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পাশাপাশি বাজারেও এ বেগুনের চাহিদা রয়েছে।

তিনি বলেন, “প্রতিবছর দুধকুমারপাড়ে বেগুনের বিশাল বাজার গড়ে ওঠে। বেগুন চাষ এখানকার কৃষি অর্থনীতিকে চাঙা করেছে এবং বহু কৃষকের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে। দুধকুমার নদের পাড়ের কৃষকদের কাছে গ্রীণ বল এখন শুধু একটি দেশি জাতের বেগুন নয়, এটি তাঁদের স্বাবলম্বী হওয়ার গল্প। নিজেদের সংরক্ষিত বীজ, দীর্ঘদিনের অভিজ্ঞতা আর শ্রমের সমন্বয়ে গড়ে ওঠা এই বেগুনের চাষ বদলে দিয়েছে বহু পরিবারের আর্থসামাজিক বাস্তবতা। স্থানীয় কৃষকদের হাতে সংরক্ষিত এ জাতের বেগুন তাই একদিকে যেমন ঐতিহ্যের ধারক, অন্যদিকে তেমনি দুধকুমারপাড়ের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর