advertisement
advertisement

রাজারহাটে কাবিননামা হাতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন, বাড়িতে তালা দিয়ে স্বজনদের চলে যাওয়ার অভিযোগ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
রাজারহাটে কাবিননামা হাতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন, বাড়িতে তালা দিয়ে স্বজনদের চলে যাওয়ার অভিযোগ

advertisement
ধরলা পোস্ট:

কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তার অভিযোগ, অনশনের খবর পেয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী ইমদাদুল হক রিয়াদ (২৪) পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

সাদিয়ার দাবি, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৩ সালে তারা বিয়ে করেন। তবে রিয়াদের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি। এরপর চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে ১৩ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে আবারও বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করেন তারা।

সাদিয়ার অভিযোগ, গত এক মাস ধরে রিয়াদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এ অবস্থায় কাবিননামা ও সম্পর্কের প্রমাণপত্র নিয়ে স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দা হায়দার আলী জানান, দুপুরে তরুণীটি ছেলের বাড়িতে আসার পর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে যান। রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

একই গ্রামের আব্দুস সালাম বলেন, তরুণীর কাছে বিয়ের কাবিননামা রয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের প্রমাণও তিনি সঙ্গে এনেছেন। তার ধারণা, পরিবারের চাপের কারণে ছেলেটি বাড়ি ছেড়ে চলে গেছেন।

স্থানীয়দের মতে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উভয় পক্ষের বক্তব্য শুনে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রিয়াদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর