advertisement
advertisement

সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা জিতল কুড়িগ্রাম পৌরসভা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা জিতল কুড়িগ্রাম পৌরসভা

ছবি সংগৃহীত

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি ও ধরলা পোস্ট অনলাইন :
তারুণ্যের উচ্ছ্বাস, দর্শকদের উল্লাস আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
শনিবার (৩১ অক্টোবর) বিকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম পৌরসভা।
ফাইনাল খেলাকে ঘিরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রিয় দলের খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক। পুরো ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। 
শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কুড়িগ্রাম পৌরসভা। ফলে রানার্সআপ হয় কুড়িগ্রাম সদর উপজেলা।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে। কুড়িগ্রামের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা তাঁকে আনন্দিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কুড়িগ্রামের এই মাঠ থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কুড়িগ্রামের কৃতী সন্তান কোহিনুর রহমান, রংপুরের কৃতী সন্তান জাতীয় দলের ফুটবলার মোসাব্বের হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভাকে ট্রফির পাশাপাশি এক লাখ টাকা এবং রানার্সআপ কুড়িগ্রাম সদর উপজেলাকে ট্রফির সঙ্গে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। 
এ ছাড়া শ্রেষ্ঠ খেলোয়াড়কে পাঁচ হাজার টাকা ও বিশেষ সম্মাননা প্রদানের ব্যবস্থা রাখা হয়।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা আরও বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর