বেগুনখেতে কাজ করার সময় মৌমাছির আক্রমণ, প্রাণ গেল কৃষকের, আহত ১
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির আক্রমণে খলিলউল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামের আরেক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খলিলউল্লাহ ওই গ্রামের জামাতউল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের জমিতে বেগুনখেতে নিড়ানি দিচ্ছিলেন খলিলউল্লাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করে। এতে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে আশপাশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে।
একপর্যায়ে খলিলউল্লাহ ও পাশের বাড়িতে থাকা মর্জিনা খাতুন মৌমাছির আক্রমণের শিকার হন। এতে দুজনই গুরুতর আহত হন।
তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। পরে দুজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে খলিলউল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, আহত মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নবিউল ইসলাম বলেন, মৌমাছির কামড়ে অ্যানাফাইল্যাক্সিস বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এতে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।