সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫০
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
ঢাকার সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে।
সকাল সোয়া ৮টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে এবং সকাল ৯টার দিকে উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
সকাল ১১টার দিকে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমও রয়েছেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। উলাইল এলাকাতেও একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগের দিন বন্ধ থাকা কারখানাগুলোও বুধবার খোলেনি।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলেও একই দাবিতে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টা পর তাঁরা অবরোধ তুলে নেন। বুধবার সকালে নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।