কুড়িগ্রামে ৭১ সদস্যের জেলা শিল্পী কল্যাণ সোসাইটির কমিটি গঠন, সভাপতি অনিরুদ্ধ রেজা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি:
লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী ও সংস্কৃতিকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’। সংগঠনটির ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. রেজাউল করিম অনিরুদ্ধ রেজা। সাধারণ সম্পাদক হয়েছেন সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. আজাদ আলী।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবাধিকারকর্মী ও সমাজসেবক জুলফিকার আলী আহমেদ লিপন।
সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আলতাফ হোসেন, লেখক ও গবেষক রফিকুল হায়দার, শিক্ষক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রানা, শিল্পপতি ও সমাজসেবক রেজাউল কবীর রানু, শিল্পপতি আতাউর রহমান আতা এবং সংগীতশিল্পী ও সমাজসেবী মোছা. আলেয়া খাতুন।
কমিটি ঘোষণার পর উপদেষ্টা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্য ও অতিথিরা।
সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অনেক সময় নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করেন। তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য গড়ে তোলার পাশাপাশি পেশাগত ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আয়োজকেরা জানান, কুড়িগ্রাম জেলার প্রতিভাবান লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী ও সংস্কৃতিকর্মীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি তাঁদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মানোন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নে সংগঠনটি কাজ করবে।