advertisement
advertisement

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক:

ফরিদপুরে এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছর কারাভোগ করতে হবে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, আরিফুল ইসলাম নগরকান্দা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মসজিদে খণ্ডকালীন ইমাম এবং মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। সেখানে তিনি শিশুদের আরবি পড়াতেন।

২০২৪ সালের ৫ অক্টোবর সকালে বৃষ্টির কারণে মক্তবে অন্য শিশুরা উপস্থিত হতে পারেনি। ওই সময় ভুক্তভোগী শিশুটি একাই আরবি পড়তে মক্তবে যায়। অভিযোগ অনুযায়ী, এ সুযোগে আরিফুল ইসলাম শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেন এবং জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন।

পরে পানি পান করার কথা বলে শিশুটি কক্ষ থেকে বের হয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। একই দিন শিশুটির অভিভাবক নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের পর নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আরিফুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর