ফুলবাড়ীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন, সফল সমবায়ীদের সম্মাননা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
অনিল চন্দ্র রায় :
“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান। সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভূষণ রায়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভূষণ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম, উপজেলা এনসিপির সদস্যসচিব আব্দুল লতিফ এবং শিক্ষক গোলাম মর্তুজা বকুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করা সম্ভব। তাই সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি, সমবায়ী সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।