সাংবাদিকদের পাশে কল্যাণ ট্রাস্ট, রংপুর বিভাগের ৫৪ জন পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
রংপুর প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে চারজন প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যরাও রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর যৌথ উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিষ্টফার হিমেল রিছিল।
অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজাসহ বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা।
বিভাগভিত্তিক চেকপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন, ঠাকুরগাঁওয়ের একজন এবং লালমনিরহাটের একজন রয়েছেন। তাঁদের মধ্যে চারজন প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের প্রতিকূলতা ও আর্থিক সংকটের মুখোমুখি হন। বিশেষ করে অসুস্থতা, দুর্ঘটনা কিংবা মৃত্যুর মতো কঠিন পরিস্থিতিতে সাংবাদিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ ধরনের সহায়তা সাংবাদিকদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।