advertisement
advertisement

ক্যানসারে আক্রান্ত স্কুলছাত্র মতিউরকে বাঁচাতে ৭টি থেরাপির জন্য প্রয়োজন ৪ লাখ ২০ হাজার টাকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
ক্যানসারে আক্রান্ত স্কুলছাত্র মতিউরকে বাঁচাতে ৭টি থেরাপির জন্য প্রয়োজন ৪ লাখ ২০ হাজার টাকা

advertisement


অনিল চন্দ্র রায় : 

ক্যানসারের মতো মরণব্যাধিতে আক্রান্ত ১৬ বছর বয়সী স্কুলছাত্র মতিউর রহমান। এক সময় নাকের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে শুরু হয় তার শারীরিক জটিলতা। 

দীর্ঘদিন চিকিৎসা করানোর পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যানসার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে মোট আটটি থেরাপি দিতে হবে। ইতোমধ্যে একটি থেরাপি দেওয়া হয়েছে। বাকি সাতটি থেরাপির জন্য প্রয়োজন আরও ৪ লাখ ২০ হাজার টাকা। কিন্তু দরিদ্র দিনমজুর বাবার পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে সরকারসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আকুতি জানিয়েছেন তিনি।

মতিউর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্বফুলমতি গ্রামের দিনমজুর এরশাদুল হকের ছেলে।

ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে সে। মাত্র চার বছর বয়সে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয় মতিউর। তার মা মর্জিনা বেগম তাকে রেখে স্বামীর সংসার ছেড়ে চলে যান। পরে অন্যত্র বিয়ে করেন তিনি। এরপর থেকে বাবার কাছেই বড় হতে থাকে মতিউর।

পরবর্তী সময়ে স্ত্রী চলে যাওয়ার তিন বছর পর এরশাদ হক দ্বিতীয় বিয়ে করেন। বর্তমান সংসারে তাঁর পাঁচ বছর বয়সী একটি মেয়ে ও চার মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। দিনমজুরির সামান্য আয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে কোনো রকমে চলছিল তাঁর সংসার।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে মতিউরের নাকের হাড় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু হয়। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর তার চিকিৎসার জন্য তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নাক-কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক মুন্না ও লেলিনের তত্ত্বাবধানে প্রায় চার মাস চিকিৎসা করানো হয়। কিন্তু তেমন কোনো উন্নতি হয়নি।

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে ২২ দিন চিকিৎসা চলে। 

এরপর হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক আবদুল কাদের জিলানীর তত্ত্বাবধানে ভর্তি করা হয় তাকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রোগীর নমুনা রংপুর, ঢাকা ও ভারতের নয়াদিল্লিতে পাঠানো হয়। তিন জায়গার পরীক্ষার ফলাফলে তার গলাসহ শরীরে ক্যানসার শনাক্ত হয়।

চিকিৎসকের পরামর্শে ৩ নভেম্বর থেকে ক্যানসারের চিকিৎসা শুরু হয়। ৫ নভেম্বর প্রথম থেরাপি দেওয়া হয়। এতে ওষুধসহ প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হওয়ার সম্ভাবনা বিবেচনায় মোট আটটি থেরাপি দিতে হবে। প্রতিটি থেরাপিতে ওষুধসহ ব্যয় হবে প্রায় ৬০ হাজার টাকা। সেই হিসাবে বাকি সাতটি থেরাপির জন্য প্রয়োজন আরও ৪ লাখ ২০ হাজার টাকা।

কিন্তু চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন মতিউরের বাবা। বসতভিটার দুই শতক জমি বিক্রি করেছেন। বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছেন তিন লাখ টাকা। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে ছেলের চিকিৎসায়। ধারদেনা করে দেশে ও ভারতে চিকিৎসা করাতে গিয়ে এখন আর কোনো আর্থিক সামর্থ্য অবশিষ্ট নেই তাঁর।

এক দিকে সন্তানের চিকিৎসার ব্যয়, অন্যদিকে পরিবারের ভরণপোষণ, সব মিলিয়ে দিশেহারা দিন মজুর এরশাদুল হক। বসতভিটার জমি বিক্রি করে এখন প্রায় ভিটাহীন অবস্থায় দিন কাটছে তাঁর পরিবারের। দীর্ঘদিনের চিকিৎসা ও আর্থিক সংকটে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।মতিউরের পরিবারের সদস্যদের ভাষ্য, গত প্রায় ২০ দিন ধরে সে ঠিকমতো কিছু খেতে পারছে না। সন্তানের শারীরিক অবস্থা ও চিকিৎসার বাকি খরচের কথা ভেবে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

এরশাদু হকের বড় ভাই গোলাম আজম বাঁশি বলেন, “কী বলব ভাই, মতিউরের বয়স যখন মাত্র চার বছর, তখন তার মা তাকে রেখে চলে যান। তার বাবার আর্থিক অবস্থা অত্যন্ত করুণ হওয়ায় আমি শিশুটির লালন-পালনের দায়িত্ব নিই। নিজের সন্তানের মতোই তাকে বড় করেছি। তার ভরণপোষণের পাশাপাশি নিজের সন্তানদের সঙ্গে তাকেও স্কুলে ভর্তি করাই। ইচ্ছা ছিল, পড়াশোনা শেষ করে সে নিজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার সব দায়িত্ব পালন করব। কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হলো না।

অসুস্থতার কারণে মতিউর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। চোখের সামনেই ক্যানসারে আক্রান্ত হয়ে সে দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তার চিকিৎসায় এ পর্যন্ত অনেক কষ্টে প্রায় তিন লাখ টাকা খরচ করেছি। কিন্তু আমরা নিজেরাই খুব অসচ্ছল। কোনো রকমে সংসার চলে। এখন আর চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য নেই। মতিউরের চিকিৎসা কীভাবে চালিয়ে যাব, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছি। তাই অসহায় মতিউরের চিকিৎসার জন্য সরকারসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানাচ্ছি।

প্রতিবেশী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনিরুজ্জামান বলেন, “মতিউরের শারীরিক অবস্থা ভালো নয়। তার চিকিৎসা করাতে গিয়ে তার বাবা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। বড় ভাই আজম আলীও নিজের সামর্থ্যের বাইরে গিয়ে মতিউরের চিকিৎসায় প্রায় তিন লাখ টাকা ব্যয় করেছেন। তিনিও অসুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল। নিজের সংসার সামলানোর পাশাপাশি ছোট ভাইয়ের ছেলেকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। এখনো তার চিকিৎসার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে তার পক্ষেও একা এত বড় ব্যয় বহন করা সম্ভব নয়। আমরা প্রতিবেশীরাও যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছি। কিন্তু ক্যানসারে আক্রান্ত এই অসহায় শিক্ষার্থীর চিকিৎসার জন্য আরও অনেক অর্থের প্রয়োজন। তাই মতিউরের চিকিৎসায় সহযোগিতার জন্য সরকার, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

নাওডাঙ্গা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম সাবু বলেন, এরশাদ আলী একজন অসহায় দিনমজুর। দীর্ঘদিন ধরে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে তাঁর যা কিছু সামর্থ্য ছিল, সবই শেষ হয়ে গেছে। এখন বাকি থেরাপির টাকা কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি।

তিনি আরও বলেন, মতিউরের জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতা। ছোটবেলায় মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে সে। এখন আবার ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ের মুখোমুখি। একজন বাবার পক্ষে সন্তানের এমন অসহায় অবস্থা মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। আমি ব্যক্তিগতভাবে তাঁকে সহযোগিতা করার চেষ্টা করব। পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে মতিউরের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে।

ছেলেকে সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার স্বপ্ন দেখেন বাবা এরশাদ আলী। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন আজ অনিশ্চিত। তাই সরকার, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনসহ দেশ-বিদেশের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

মতিউরের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা: মোবাইল/বিকাশ নম্বর: ০১৭৪৬৯৫৬৬৯৪

আর্থিক সহযোগিতাও ক্যানসারে আক্রান্ত স্কুলছাত্র মতিউরের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবার সম্মিলিত সহায়তায় হয়তো আবারও সুস্থ জীবনে ফেরার সুযোগ পাবে মা-হারা এই কিশোর।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান জানান, ক্যানসারে আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করা হলে সরকারি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। তিনি মতিউরের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর