advertisement
advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ, জেলা প্রশাসকের সবুজ দলের জয়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ, জেলা প্রশাসকের সবুজ দলের জয়

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি : 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। মাঠের লড়াইয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নেতৃত্বাধীন সবুজ দল ২-০ গোলে পরাজিত করেছে জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বাধীন লাল দলকে।
শনিবার (৭ নভেম্বর) বিকালে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। তবে শেষ পর্যন্ত সবুজ দলের খেলোয়াড়দের সমন্বিত প্রচেষ্টা ও আক্রমণাত্মক কৌশলে ২-০ গোলের জয় নিশ্চিত হয়। ফলে বিজয়ী দলের ট্রফি ওঠে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন সবুজ দলের হাতে। অন্যদিকে পরাজিত লাল দলকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার ও কুড়িগ্রামের সন্তান কোহিনুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
জাতীয় দিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি এমন প্রীতি ফুটবল ম্যাচ কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর