advertisement
advertisement

রংপুর অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পীরগাছায় আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
রংপুর অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পীরগাছায় আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

ছবি-সংগৃহীত

advertisement

ধরলা পোস্ট অনলাইন ডেস্ক :
সোনালি ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন কৃষকেরা। পাকা ও আধাপাকা ধান কাটার প্রস্তুতিও প্রায় শেষ। কিন্তু হঠাৎ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে সেই স্বপ্নে যেন ভাটা পড়েছে। 
রংপুরের পীরগাছায় প্রাকৃতিক দুর্যোগে মাঠের পর মাঠ আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলের ধানখেত।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব এলাকার অধিকাংশ কৃষক আমন ধানের ওপর নির্ভর করেই সারা বছরের সংসার খরচ ও জীবিকা নির্বাহ করেন। ধান পেকে ওঠায় ঘরে ফসল তোলার অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু শিলাবৃষ্টি ও প্রবল বাতাসে অনেক জমির পাকা ও আধাপাকা ধান মাটিতে পড়ে গেছে। ফলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ক্ষতিগ্রস্ত কৃষক মুকুল মিয়া বলেন, মঙ্গলবার রাতের ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে শিলার আঘাত ও বাতাসের তীব্রতায় অনেক জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে কৃষকেরা বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন।
উপজেলা পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, পীরগাছায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর। কৃষিনির্ভর এই উপজেলায় আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত জমি ও ফসলের পরিমাণ দ্রুত নিরূপণ করে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের প্রত্যাশা, কৃষি বিভাগের কর্মকর্তারা সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেবেন।
এ বিষয়ে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এখনো ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জেলায় ২৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর