কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কু/পি/য়ে টাকা-মুঠোফোন ছি/ন/তাই, গ্রে/প্তার- ২
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেটের এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের শরিফুল আলম সোহাগ (৩৫) ও নলেয়া গ্রামের সোহেল রানা স্বপন (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে দোকানের কার্যক্রম শেষে বাড়ি ফিরছিলেন বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ (৩৯)। পথে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় নির্জন স্থানে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাঁটুতে আঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
এদিকে গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। পরে বাড়ির সামনের সড়কে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির নির্দেশনায় ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।