পারশার সঙ্গে বিয়ের বিষয়টি স্বীকার করলেন আসাদ নূর, জানালেন নাটকীয়তার কারণ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক :
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের খবর অবশেষে নিশ্চিত করেছেন প্রবাসী ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ে নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলার পর মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি।
লাইভে আসাদ নূর জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও ভিডিওতে যে পাত্রকে দেখা গেছে, তিনি নিজেই। এ সময় নিজের বিয়ের পাঞ্জাবি এবং পারশার বিয়ের শাড়িও দর্শকদের দেখান। এরপর স্পষ্টভাবে বলেন, তারা দুজন বিয়ে করেছেন।
বিয়ের বিষয়টি সরাসরি প্রকাশ না করে রহস্য তৈরি করার কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তার ভাষ্য, সমাজের প্রচলিত কিছু সামাজিক ধারণা বা ট্যাবু নিয়ে মানুষের প্রতিক্রিয়া বোঝা এবং সেগুলো ভাঙার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল।
তিনি জানান, বিয়ের ছবি ও ভিডিওতে বিভিন্ন সূত্র রাখা হয়েছিল। পোশাকের নকশা, শাড়ির আঁচল, ছবির পটভূমি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার মতো বিষয় নিয়ে অনেকে অনুসন্ধান চালিয়েছেন। এমনকি কিছু পোস্ট আড়াল করেও রহস্য বাড়ানো হয়েছিল বলে জানান তিনি।
আসাদ নূর আরও বলেন, ব্যক্তিগত জীবন ও অন্যের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অশোভন মন্তব্য করেন। তাদের উদ্ধার করা ‘লম্বকর্ণ’ নামের একটি বিড়ালছানাকে নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়েছিল। এসব প্রতিক্রিয়া দেখার বিষয়টিও তাদের পরিকল্পনার অংশ ছিল বলে জানান তিনি।
বিয়ের ছবি প্রকাশের সময় নিজের মুখ ফুল দিয়ে ঢেকে রাখার কারণ ব্যাখ্যা করে আসাদ নূর বলেন, শুরুতেই পরিচয় প্রকাশ করলে মানুষের মধ্যে এত অনুসন্ধান ও কৌতূহল তৈরি হতো না। পারশা পরিচিত মুখ হওয়ায় তার জীবনসঙ্গী কে, তা নিয়ে মানুষের আগ্রহ তৈরি করাই ছিল পরিকল্পনার অংশ।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশার সঙ্গে বিভিন্ন পুরুষের ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাগুলোরও সমালোচনা করেন তিনি। তার দাবি, তাদের এই আয়োজনের মধ্য দিয়ে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা ও প্রচলিত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নিজেদের সম্পর্ক প্রসঙ্গে আসাদ নূর বলেন, দুজনের কাজ, চিন্তাভাবনা ও অবস্থান আলাদা হলেও মানসিক মিল থাকলে ভৌগোলিক অবস্থান, ভাষা, বর্ণ কিংবা পেশা সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে না।
সবশেষে তিনি দাবি করেন, তাদের বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে, তা তাদের পরিকল্পনাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে।