লালমনিরহাটে বিরোধ মেটাতে গিয়ে পুলিশের ওপর হা/ম/লা, আহত ৫, আটক ২
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট অনলাইন :
লালমনিরহাট সদর উপজেলায় দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ হামলার মুখে পড়েন তারা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে একটি ব্যাটারিচালিত রিকশা লালমনিরহাটের বড়বাড়ীর দিকে যাচ্ছিল। পথে আমতলা এলাকায় পৌঁছালে পাঁচ ব্যক্তি রিকশাটির পথরোধ করেন। এ নিয়ে রিকশাচালকের সঙ্গে তাদের প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করে এরশাদুল হক ও রফিকুল ইসলাম অপু (৩৫) নামে দুজনকে আটক করেন। তবে বাকি চারজন পালিয়ে যান। পরে স্থানীয়দের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় একটি পক্ষ এতে বাধা দেয়। তারা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার দাবি জানালে পুলিশের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত পুলিশ সদস্যরা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, কনস্টেবল মামুন ইসলাম, লিটন মিয়া ও শাহনাজ আক্তার। তাদের রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আটক রফিকুল ইসলাম অপু সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। অপর আটক ব্যক্তি এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
তবে কী কারণে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, পালিয়ে যাওয়া চারজনের বাড়ি সদর উপজেলার বড়বাড়ী এলাকায়। তাদের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।