advertisement
advertisement

কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও স্ক্রু উদ্ধার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও স্ক্রু উদ্ধার

ছবি সংগৃহীত

advertisement

ধরলা পোস্ট ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ বিভিন্ন ধাতব বস্তু উদ্ধার করেছেন চিকিৎসকরা। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে নেইল কাটার, লোহার স্ক্রু ও ইটের টুকরা।

অস্ত্রোপচার হওয়া ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ছমের ছেলে। একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় হাসমত আলী পেটে তীব্র ব্যথার কথা জানান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসকরা পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে বিপুল পরিমাণ ধাতব ও অপচনশীল বস্তুর অস্তিত্ব শনাক্ত করেন। পরে গত ৪ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, লোহার স্ক্রু ও ইটের টুকরা বের করা হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসমত আলীর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কারাগারে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়। এ সময় তিনি গোপনে ময়লা-আবর্জনা থেকে পরিত্যক্ত গ্যাস লাইটারসহ বিভিন্ন বস্তু সংগ্রহ করে খেয়ে ফেলতেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পর বর্তমানে হাসমত আলী সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর