সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় সাধারণ ছুটি
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে হেমায়েতপুরের পদ্মার মোড়, বাগবাড়ী এবং আশুলিয়ার জামগড়া এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, বুধবার সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়। শ্রমিকেরাও কাজে যোগ দেন। তবে সকাল ৯টার পর জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভে অংশ নেন।
অন্যদিকে সকাল ১০টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ী এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পদ্মার মোড়ে পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকেরা অবস্থান নেন। বাগবাড়ী এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপের প্রধান ফটকের সামনেও শ্রমিকদের জড়ো হতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। জামগড়া এলাকাতেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়।
এদিকে নিরাপত্তার স্বার্থে হেমায়েতপুরের বাগবাড়ী এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপসহ যমুনা গ্রুপের কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার আরও কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, জামগড়া এলাকায় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
এদিকে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার বহুতল ভবনের একটি স্টোরকক্ষে আগুন লাগে।
স্থানীয়রা কারখানার বাইরে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, আগুন স্টোরকক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শ্রমিক অসন্তোষ ও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার মধ্যেও সাভার-আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।