প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ, উন্নয়ন প্রত্যাশায় জেলাবাসী
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
অনিল চন্দ্র রায়, লালমনিরহাট থেকে :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ নভেম্বর লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম লালমনিরহাট সফর ঘিরে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু তারেক রহমানের ১৯ নভেম্বর লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম লালমনিরহাট সফর ঘিরে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাঁকে স্বাগত জানাতে জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও চলছে নানা প্রস্তুতি।
সফরকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে সাজসজ্জা, প্রচার-প্রচারণা ও কর্মসূচি বাস্তবায়নে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এই সফরের অন্যতম আকর্ষণ ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের প্রায় ১৫ হাজার তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভাকে ঘিরে সংগঠনটির সদস্যদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ। ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের নানা প্রত্যাশাও সামনে এসেছে। বিশেষ করে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন নদীপাড়ের মানুষ। পাশাপাশি বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর ও স্থলবন্দর পুনরায় চালু, দুর্ঘটনা কমাতে সংকীর্ণ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবিও জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
তাদের প্রত্যাশা, এসব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা লালমনিরহাটের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির নতুন সুযোগ সৃষ্টি হবে। বাড়বে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের পরিধি।
লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ‘আলোকিত লালমনিরহাট’-এর প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন। বিশেষ করে স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা, লালমনিরহাটের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বিমানবন্দর ও স্থলবন্দর চালু এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এমন প্রত্যাশা তাদের।