advertisement
advertisement

দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষার নতুন প্রজন্ম তৈরি হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে তা বাড়িয়ে জিডিপির ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে।

তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল মানবসম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। এ জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে যথাযথভাবে গড়ে তুলতে শিক্ষার প্রতি আরও আন্তরিক ও মনোযোগী হতে হবে। যোগ্য শিক্ষার্থী তৈরি করা গেলে তারা ভবিষ্যতে বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন, সেমিনারে দেশি-বিদেশি শিক্ষাবিদদের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর আলোচনা ও দিকনির্দেশনা পাওয়া যাবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর