জমির মালিকানা নিয়ে বিরোধ, ৭ বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরের সঙ্গে যোগাযোগব্যবস্থা সচল রাখতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সেতুর কাজ সাত বছরেও শেষ হয়নি। জমির মালিকানা নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় ব্যক্তিমালিকানার দাবিদারদের মধ্যে বিরোধের কারণে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থলবন্দরের ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট রেলসেতুটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে পুরোনো সেতুর দক্ষিণ পাশে দুধকুমার নদের ওপর ২০১৯ সালে ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যে সেতু ও সংযোগ সড়ক নির্মাণের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল।
তবে জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজে ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। চার দফা মেয়াদ বৃদ্ধি এবং প্রকল্প ব্যয় প্রায় ৭ কোটি টাকা বাড়ানোর পরও অসমাপ্ত রয়েছে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক। ফলে ঝুঁকিপূর্ণ পুরোনো সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে।
সর্বশেষ গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাথরবোঝাই একটি ট্রাকের ভারে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের অংশের একটি পাটাতন ভেঙে যায়। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর পূর্ব প্রান্তে প্রায় ছয় একর জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জমিগুলো তাঁদের পৈতৃক ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি বলে দাবি করছেন। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর জমিগুলো রেলওয়ের মালিকানাধীন দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। একই জমির মালিকানা দুই পক্ষ দাবি করায় আটকে গেছে অধিগ্রহণ প্রক্রিয়া। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে সাত বছরেও পূর্ব প্রান্তের সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে জমির কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে জানা গেছে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে ১৪১ দশমিক ২৬ শতক এবং ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে ৪২৯ দশমিক ৯৭ শতক জমি রয়েছে। সব মিলিয়ে ৫৭১ দশমিক ২৩ শতক জমির মালিকানা নিয়ে পাঁচটি পক্ষের ৩৮ জন অংশীদারের দাবি রয়েছে। অন্যদিকে পুরো জমির মালিকানা দাবি করছে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর।
জমির মালিকানা দাবিদার আব্দুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ অন্যরা বলেন, এসব জমি তাঁদের পৈতৃক সম্পত্তি। জমির পক্ষে তাঁদের নামে তিনটি রেকর্ডও রয়েছে। এরপরও রেলওয়ে জমিগুলো নিজেদের বলে দাবি করছে। তাঁরা বলেন, জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে বাড়িঘর ভেঙে দেওয়া হলে তাঁদের যাওয়ার জায়গা থাকবে না। এমনিতেই তাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই।
সেতুর নির্মাণকাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, সেতুর ওপরের অংশ এবং পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতায় সংযোগ সড়কের কাজ আটকে আছে। জমি বুঝিয়ে দেওয়া হলে ছয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সওজের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার বলেন, ইতিমধ্যে সোনাহাট সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার কারণে পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করা সম্ভব হয়নি। অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই বাকি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসন কাজ করছে।