মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে উল্টে গেল টেম্পু, চালক নিহত
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে একটি সিএনজিচালিত টেম্পু। এ ঘটনায় মো. সুমন (২৭) নামে টেম্পুচালক নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর ইসলামের ছেলে। তিনি বর্তমানে পরিবার নিয়ে মির্জাপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় একটি সিএনজিচালিত টেম্পু নাজিরহাটের দিকে যাচ্ছিল। পথে সামনে একটি মোটরসাইকেল চলে এলে সেটিকে রক্ষা করতে চালক দ্রুত ব্রেক করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পুটি সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক সুমন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত টেম্পুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।