দিনাজপুরে বিজিবির অভিযানে ৩২ লাখ টাকার প্রাচীন কষ্টিপাথরের প্রত্নবস্তু উদ্ধার
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের প্রাচীন কষ্টিপাথরের তিনটি দুর্লভ প্রত্নবস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দেবদেবীর সারিবদ্ধ মূর্তি এবং দুটি মূর্তি ও প্রত্নবস্তুর খণ্ডাংশ। এসব মূল্যবান প্রত্নসম্পদ আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে বিদেশে পাচারের চেষ্টা চলছিল বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, অভিযানে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের দুর্গামূর্তির একটি খণ্ডাংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা তিনটি প্রত্নবস্তুর সরকারি সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। তবে আর্থিক মূল্যের চেয়েও এসব নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনেক বেশি।
বিজিবি সূত্রে আরও জানা যায়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে উদ্ধার হওয়া নিদর্শনগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ হিসেবে চিহ্নিত করেছেন। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী এ ধরনের প্রাচীন নিদর্শন সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের অমূল্য প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার রোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, মানবপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।