মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক
বরগুনার বামনায় ছোট মেয়েকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোসা. আসমা বেগম (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজসংলগ্ন বামনা-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম বামনা উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার মেয়ে। তিনি ডৌয়াতলা এলাকার গাজী প্রিক্যাডেট স্কুলে শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট মেয়েকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন আসমা বেগম। এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি। পরে মেয়েকে রক্ষা করতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় এবং চালক মো. জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং টমটম চালক জাহিদকে গ্রেপ্তার করে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক ও মরদেহ উদ্ধার করেছে। নিহত শিক্ষক হওয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।