advertisement
advertisement

ফুলবাড়ীতে দিনভর সূর্যের দেখা নেই, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে কৃষক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
ফুলবাড়ীতে দিনভর সূর্যের দেখা নেই, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে কৃষক

ছবি-ধরলা পোস্ট

advertisement
অনিল চন্দ্র রায় : 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনভর সূর্যের দেখা মেলেনি। আকাশজুড়ে ঘন মেঘ, সঙ্গে হিমেল বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের অনুভূতি বেড়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। বিশেষ করে আমন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। বৃষ্টিতে মাঠে কাটা ও মাড়াইয়ের জন্য রাখা ধান ভিজে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকেই ফুলবাড়ীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দুপুরের পর থেকে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো হালকা বৃষ্টি হয়েছে। এর সঙ্গে হিমেল বাতাসে দিনের বেলাতেও শীতের আমেজ অনুভূত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার প্রকোপ বেশি থাকছে। শীত নিবারণে গরম কাপড় ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা।
কৃষক শ্যামল চন্দ্র পাল ও কাসেম আলী জানান, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা কাটা ধান ভিজে যাচ্ছে। বৃষ্টির কারণে ধান মাড়াই করাও কঠিন হয়ে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব ট্রলিতে করে মাঠের ধান বাড়িতে নিয়ে আসছেন তাঁরা। আবহাওয়া এমন থাকলে ধান ঘরে তোলা নিয়ে আরও বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় ঠান্ডার অনুভূতি কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর তা বেড়ে যায়। ভোরে কুয়াশা ও হিমেল বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। এর মধ্যে সকাল থেকে সূর্যের দেখা না পাওয়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনেও কিছুটা প্রভাব পড়েছে।
এদিকে শনিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ের ব্যবসায়ী আবু সাঈদ বলেন, সকালে ঘন কুয়াশা ও ঠান্ডা অনুভূত হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এর সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আকাশে ঘন মেঘ থাকার কারণে এমন আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আগামী দুই থেকে তিন দিন এ পরিস্থিতি থাকতে পারে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে মেঘলা আকাশ, হিমেল বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে একদিকে শীতের অনুভূতি বাড়ছে, অন্যদিকে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ফুলবাড়ীর কৃষকরা।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর