advertisement
advertisement

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাবাসনের আশ্বাস


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাবাসনের আশ্বাস

ছবি সংগৃহীত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরে বিবৃতি দিয়েছে মিয়ানমার। বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করেছে দেশটি। পাশাপাশি পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে নেপিদো।

শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, উত্তর রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে মিয়ানমার। এ ক্ষেত্রে দেশটির জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি বিবেচনায় নেওয়া হবে।

আইসিজের রায়ে হতাশা প্রকাশ করে মিয়ানমার দাবি করেছে, শুনানির সময় তারা আদালতে বিভিন্ন নথি, তথ্য-উপাত্ত ও প্রমাণ উপস্থাপন করেছে। দেশটির বক্তব্য অনুযায়ী, গাম্বিয়ার অভিযোগ এবং সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইনে পরিচালিত সামরিক অভিযান গণহত্যার উদ্দেশ্যে ছিল না বলেও দাবি করেছে মিয়ানমার। দেশটির ভাষ্য, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাব হিসেবেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল।

বিবৃতিতে উত্তর রাখাইনের পরিস্থিতিকে জটিল ও মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে নেপিদো।

বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর