প্রাণ-প্রকৃতি ও প্রান্তিক মানুষের গল্পের খুঁজে মোহসীন উল হাকিম
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক :
কখনো গহীন জঙ্গলে, কখনোবা গভীর জলে। কোনো সাত-সকালে হয়ত দস্যুর ডেরায়, কোনো-বা শান্ত সন্ধ্যায় জেলে-নৌকায়। এক গ্রীষ্মের গরমে হয়ত তপ্ত বালুচরে, আরেক কুয়াশা-কার্তিকে কিষানের গোলার সামনে।
প্রাণ-প্রকৃতি আর প্রান্তিক মানুষের খোঁজে চরাচরে রীতিমতো গল্পের বাক্স হাতে ঘুরে বেড়াচ্ছেন যে মানুষটি তিনি আর কেউ নন, অনেকেরই পরিচিত ‘তারকা’ সাংবাদিক মোহসীন উল হাকিম। হালে যিনি নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে। বর্তমানে চুক্তিভিত্তিক কাজ করছেন বিবিসি মিডিয়া অ্যাকশনের সঙ্গে।
মোহসীন উল হাকিমের সঙ্গে যখন দ্য বেঙ্গল কম্পাসের পক্ষ থেকে মাস পাঁচেক আগে প্রথমবার যোগাযোগ করি তখন তিনি সুন্দরবনের অরণ্যে। যখন তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয় তখন তিনি খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী খাল এলাকায়; প্রস্তুতি নিচ্ছেন জলে যাওয়ার।
প্রশ্ন করি রাজধানীর রোশনাই কিংবা ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুলনামূলক আরামদায়ক সাংবাদিকতা ছেড়ে কেন পথে-প্রান্তরে গল্প-কথকের ভূমিকা বেছে নিলেন মোহসীন উল হাকিম?
দ্বিধাহীন জবাবে জানালেন, ‘দেখেন, ঢাকায় সমস্যা যেমন অনেক, সাংবাদিকও অনেক। ফলে ঢাকার সব কিছুই মিডিয়ায় সহজেই উঠে আসে। কিন্তু যে মানুষটা সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায়, গিয়ে বাঘের খাবার হয়; কিংবা দস্যুর হাতে পড়ে জীবন দেয় অথবা কুমিরের খাদ্যে পরিণত হয়, তাঁদের খবর আমরা কজন রাখি? এমনই বাংলাদেশের আনাচ-কানাচে ছড়িয়ে রয়েছে প্রাণ-প্রকৃতি আর প্রান্তিক মানুষের অজস্র অজানা গল্প।
‘প্রান্তের মানুষের সব কথা শহরের অনেকেরই কান পর্যন্ত পৌঁছায় না। তাই আমি এসব গল্প শুনতেই বাক্স হাতে ছুটে বেড়াই,’ যোগ করেন তিনি।
সম্প্রতি হয়ত অনেকেই বিবিসির পডকাস্ট শো ‘গল্পের বাক্স’ দেখে থাকবেন। এই শো-য়েও কখনো ঝিনাইদহের কালীগঞ্জে প্রাকৃতিক কৃষির খোঁজে ছুটে যাচ্ছেন মোহসীন উল হাকিম। কখনোবা চিত্ত মিডিয়ার নিত্য চিত্ত বিনোদনের গল্প তুলে ধরছেন এই চারণ সাংবাদিক।
সাংবাদিকতার শুরুটা কীভাবে— জানতে চাই মোহসীনের কাছে। বলেন, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যার শিক্ষার্থী। ২০০০ সালের দিকের কথা। সুযোগ হলো শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদভিত্তিক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘পরিপ্রেক্ষিত’- এ কাজ করার। এই অনুসন্ধিৎসার আগ্রহই তাঁকে পরবর্তী সময়ে সাংবাদিকতায় নিয়ে আসে।
রাজশাহী ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী মোহসীন নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁয় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শেষ করেন কেডি স্কুল থেকে। সেনাকর্মকর্তা বাবার চাকরি সূত্রে ছোটকালেই ঘুরেছেন অনেক এলাকা। বলা চলে, যাযাবর-জীবন যাপন করছেন যৌবনের আগে থেকেই।
ছোট্টকালের সেই জীবনই কি তাঁকে যৌবনকালে তাড়িত করল পেশা হিসেবে পথে-প্রান্তরের এই জীবন বেছে নিতে? কী মনে হয় মোহসীনের? জানালেন, তাঁর এমন মনে হয় না। বললেন সেই আগের কথাই— প্রান্তিক মানুষের কন্ঠস্বর তুলে ধরার আগ্রহই তাঁর এই পথে-পথে ছুটে চলার প্রেরণা।
২০০০ সালে বিটিভিতে শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে আরও কয়েকটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেন মোহসীন। তখন থেকেই শহরের বাইরে, দূর জনপদের খবরগুলো তুলে ধরার চেষ্টা করতেন তিনি।
শুরু থেকে উত্তরের চর, বাংলাদেশ-ভারত সীমান্ত, ছিটমহল, অভিন্ন নদীসহ নানা বিষয়ে কাজ করেছেন মোহসীন। এরপর কাজ শুরু করেন পার্বত্য চট্টগ্রামে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত তাঁর কাজ শুরু ২০০৩ সাল থেকে। এর মধ্যে দুর্গম উপকূলের বিচ্ছিন্ন দ্বীপ জনপদের মানুষদের কথা তুলে ধরেন মোহসীন। ২০০৭ সালের সাইক্লোন সিডরের পর সুন্দরবন উপকূলে কাজ শুরু করেন। দুই বছরের মধ্যে ২০০৯ সালে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা। দক্ষিণ উপকূল লণ্ডভণ্ড হয়ে যায়। জলোচ্ছ্বাসে ভেসে যায় সাতক্ষীরার শ্যমনগর, আশাশুনি ও খুলনার কয়রার দক্ষিণাঞ্চল। সেই খবর সংগ্রহ করতে ছুটে যান মোহসীন।
এই ঘটনা বলা চলে তাঁর সাংবাদিকতা জীবনে বড় ধরনের মোড় এনে দেয়। সে গল্প তিনি শুনিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমেও।
মোহসীন জানান, আইলার খবর সংগ্রহে গিয়ে তিনি অবাক হন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ঝড়ের চেয়ে বেশি বলছেন সুন্দরবনের দস্যুতার ভয়াবহতার কথা। তাঁরা জানাচ্ছেন, ঝড় তো চলে গেছে। কিন্তু জীবিকার জন্য তাঁদের ঢুকতে হবে বনে। সেখানে তো পদে-পদে মৃত্যুর খেলা। আগে দস্যু ধরলে তাঁদের মালিকেরা মুক্তিপণ দিয়ে ছুটিয়ে আনতেন। কিন্তু ঝড়ে মালিকেরাও ক্ষতিগ্রস্ত। এখন দস্যুর কবলে পড়লে উদ্ধার করবেন কে?
এই এক প্রশ্ন মোহসীনকে দস্যুতার দিকে আগ্রহী করে তোলে। এবার খোঁজ লাগান বনদস্যুদের জীবনযাত্রায়। জেনে অবাক হন, দস্যুরাও ভালো নেই তাঁদের দস্যুজীবনে! এরপরই সরকার ও দস্যুদের মধ্যে দূতিয়ালির কাজ শুরু করলেন মোহসীন। দস্যুদের বোঝালেন, এই দুর্বিষহ জীবন ফেলে তাঁরা কি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না?
এর পরের ঘটনা সচেতন পাঠকমাত্রেরই জানা। ২০১৬ সালে সুন্দরবন তথা দেশের ইতিহাসেই এক অবাক করা ঘটনা। বনদস্যুদের বিশাল বাহিনী আত্মসমর্পণ করে মোহসীন উল হাকিমের দূতিয়ালিতে। এর ফলশ্রুতিতে ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে সরকার।
মোহসীন আরও বলেন, এই কাজ করতে গিয়ে কত রাত-বিরাত যে তাঁর দস্যুদের ডেরায় থাকতে হয়েছে তার ইয়ত্তা নেই। দস্যুদের আস্থা অর্জন করতে হয়েছে। সরকারের কাছেও দিতে হয়েছে বিশ্বাসের চরম পরীক্ষা। তখন তিনি এটিএন নিউজের সাংবাদিক। এ কাজে তাঁকে গাইড করেছিলেন সাংবাদিকতার আরেক গুরু প্রয়াত মিশুক মুনীর।
এটিএন নিউজের পর মোহসীন যোগ দেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ। সেখানেও ফলোআপ চালিয়ে যান। তারপর যোগ দেন যমুনা টেলিভিশনে। এখানে দীর্ঘ ১১ বছর কাজ করে ২০২৪ সালের জুনে সাংবাদিকতার চাকরি ছেড়ে দেন। নিজেই ইউটিউবে শুরু করেন কন্টেন্ট তৈরির কাজ।
মোহসীনের ভাষায়, ‘এখন তো আমি সাংবাদিকতা থেকে অবসরে আছি।’ তাহলে কি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছেন?
এই কনটেন্ট তৈরি করতে গিয়ে সম্ভবত আগের চেয়ে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছেন মোহসীন উল হাকিম। এখন চাকরির বেড়া ডিঙিয়ে যখন ইচ্ছে জোছনা পোহাচ্ছেন কোনো এক ডিঙি নৌকায়। কিংবা গ্রীষ্মে ছুটে চলেছেন তপ্ত কোনো বালুচরে। সাবলীল বাচনভঙ্গিতে বর্ণনা করে চলেছেন সেখানকার প্রাণ-প্রকৃতির।
কখনো হয়ত ঢাংমারী থেকে ছুটে যাচ্ছেন সুন্দরবনের শেষ প্রান্তে কিংবা ঢাকা থেকে গল্পের বাক্স নিয়ে কালীগঞ্জের কৃষকের গোলার সামনে। মুঠোফোন, টেলিভিশন কিংবা কম্পিউটারের পর্দায় নিপুণ দক্ষতায় তুলে আনছেন জেলে, মৌয়াল, বাওয়ালীর জীবন কিংবা কোনো কিষানের প্রাকৃতিক কৃষির লড়াই।
মোহসীন উল হাকিম যৌথপরিবারে বাস করেন। প্রাণ-প্রকৃতি ও প্রান্তিক মানুষের কথা বলতে ‘গল্পের বাক্স’ হাতে নিয়ে হয়ত এই চারণ সাংবাদিক কোনোদিন হাজির হবেন আপনারই দোরগোড়ায়। সুত্র- দ্য বেঙ্গল কম্পাস