রাজধানীর ফার্মগেটে লাভলি পরিবহনের বাসে আগুন, আতঙ্ক মেট্রো স্টেশনে
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে লাভলি পরিবহনের বাসে আগুন, আতঙ্ক মেট্রো স্টেশনে
ধরলা পোস্ট ডেস্ক:
রাজধানীর ফার্মগেটে লাভলি পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম জানায়, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা সোয়া ৭টার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, বাসের আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মেট্রো স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী।