গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, পুলিশের ডিসির ব্যবহৃত গাড়িতে আগুন
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক উপ-কমিশনারের ব্যবহৃত গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটি পুড়ে যায়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
পুড়ে যাওয়া গাড়িটি জিএমপির উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের ব্যবহৃত বলে জানা গেছে।
গাজীপুর চৌরাস্তা আধুনিক ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজীব হোসেন জানান, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জিএমপির উপ-কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের অবরোধের খবর পেয়ে পরিস্থিতি দেখতে তিনি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান। গাড়ি থেকে নামার পর আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া পোশাকশ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয় বলে তিনি জানান।
জিএমপি কমিশনার আশিক সাঈদও আগুনে পুড়ে যাওয়া গাড়িটি মহানগর পুলিশের বলে নিশ্চিত করেছেন।