৩০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীরামপুর জমিদার বাড়ি বিলুপ্তির পথে
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
উপকূলীয় জেলা পটুয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও পুরাকীর্তির অন্যতম নিদর্শন প্রায় ৩০০ বছরের পুরোনো শ্রীরামপুর জমিদার বাড়ি। যথাযথ সংরক্ষণ ও সংস্কারের অভাবে ঐতিহাসিক এ স্থাপনাটি ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোচ্ছে।
পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ জমিদার বাড়িটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত রয়েছে নানা ইতিহাস ও লোককাহিনী। মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত বাড়িটি একসময়কার জমিদারি শাসন, ঐশ্বর্য ও নির্যাতনের নানা স্মৃতি বহন করছে।
স্থানীয় প্রবীণ বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, বাংলার প্রথম নবাব মুর্শিদকুলী খানের শাসনামলে শ্রী শিব প্রসাদ মুখোপাধ্যায় ও শ্রী ভব প্রসাদ মুখোপাধ্যায় নামে দুই ভাই নবাবের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। জনশ্রুতি রয়েছে, শিব প্রসাদ ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম হয় শিবল খাঁ। পরবর্তী সময়ে তাঁর ছেলে কালে খাঁ বরিশালের বাকেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৫৬টি মৌজায় জমিদারি প্রতিষ্ঠা করেন। শ্রীরামপুরের এ বাড়ি থেকেই পরিচালিত হতো জমিদারির কার্যক্রম।
জমিদার বাড়ির প্রবেশপথে রয়েছে কারুকার্যখচিত একটি পুরোনো ফটক। ভেতরে রয়েছে কয়েকটি প্রাচীন প্রাসাদ। এর মধ্যে ‘আন্দার কিল্লা’ বা স্থানীয়ভাবে পরিচিত অন্ধকার কূপ বিশেষভাবে আলোচিত।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪০ ফুট প্রস্থের এ স্থাপনায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি কক্ষ ছিল। জনশ্রুতি রয়েছে, এসব কক্ষে অপরাধীদের আটকে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। বর্তমানে কূপটি ভরাট হয়ে গেলেও এর প্রাচীরের কিছু অংশ এখনো টিকে রয়েছে।
জমিদার বাড়ির আশপাশে রয়েছে আরও বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন। কাছেই রয়েছে কারুকার্যখচিত একটি পুরোনো মসজিদ, যেখানে স্থানীয় মুসল্লিরা এখনো নিয়মিত নামাজ আদায় করেন। মসজিদের পাশে পাশাপাশি রয়েছে জমিদার কালে খাঁ ও তাঁর স্ত্রী জুলেখার কবর। এ ছাড়া বাড়ি থেকে বের হওয়ার পথে রয়েছে গম্বুজ আকৃতির একটি প্রাচীন সেতু, যা অতীতের যোগাযোগব্যবস্থার স্মৃতি বহন করছে।
সময়ের পরিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও শ্রীরামপুর জমিদার বাড়ি এখনো অতীত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে দীর্ঘদিনের অবহেলায় এর অনেক স্থাপনার মূল কাঠামো নষ্ট হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, দ্রুত সরকারি উদ্যোগে জমিদার বাড়িটি সংরক্ষণ ও সংস্কার করা প্রয়োজন। যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে এটি পটুয়াখালীর অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হতে পারে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে এ অঞ্চলের প্রায় ৩০০ বছরের ইতিহাস ও ঐতিহ্য।