শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের তিনটি শিল্পাঞ্চলের ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। রোববার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের এসব কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে ৬৫টি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রম আইনের ওই ধারা প্রয়োগের ফলে মালিকপক্ষ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করার সুযোগ পাচ্ছে। এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ জানিয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব না হলে পরদিন থেকে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ করা কারখানাগুলোর কয়েকটি পুনরায় চালুর বিষয়েও মালিকপক্ষ চিন্তাভাবনা করছে। শ্রমিক ফেডারেশনের নেতারাও এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, সোমবার (১৬ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের আনুষ্ঠানিক মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে, তা এখনই প্রকাশ করেননি তিনি।
এদিকে কয়েক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলেছে। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাময়িক ছাঁটাই এবং অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণাসহ বিভিন্ন কারণে উৎপাদন বন্ধ রয়েছে। সকালে কয়েকটি কারখানার শ্রমিক ভেতরে প্রবেশ করলেও কর্মবিরতি পালন করেন। পরে তাঁদের অনেকেই কাজে ফিরে যান।
অন্যদিকে সাধারণ ছুটি ঘোষণার পর ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকদের ফটকের বাইরে অবস্থান নিতে দেখা যায়। অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর ঠেকাতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।